ঘূর্ণিঝড় ‘আকওয়ান’-এর প্রভাবে দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টির আশঙ্কা, উত্তাল নদী-সমুদ্র নিয়ে সতর্ক প্রশাসন।

দক্ষিণ ২৪ পরগনা, নিজস্ব সংবাদদাতা: ঘূর্ণিঝড় ‘আকওয়ান’-এর প্রভাবে বুধবার রাত থেকেই দক্ষিণ ২৪ পরগনা জেলার বিভিন্ন এলাকায় শুরু হয়েছে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত। বৃহস্পতিবার ও শুক্রবারও বৃষ্টির দাপট অব্যাহত রয়েছে। আকাশজুড়ে ঘন কালো মেঘের পাশাপাশি সুন্দরবনের উপকূলবর্তী এলাকাগুলিতে বইছে ঝোড়ো হাওয়া। উত্তাল রয়েছে নদী ও সমুদ্র।

আবহাওয়ার অবনতি এবং সমুদ্র উত্তাল থাকায় মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করেছে প্রশাসন। জেলার অন্যতম পর্যটনকেন্দ্র বকখালি ও গঙ্গাসাগরে সমুদ্রে স্নানের ক্ষেত্রে বিশেষ নজরদারি চালানো হচ্ছে। পর্যটকদের নিরাপত্তার কথা মাথায় রেখে মোতায়েন করা হয়েছে সিভিল ডিফেন্সের কর্মীদের। পাশাপাশি সমুদ্রসৈকতে মাইকিং করে পর্যটকদের সতর্ক করা হচ্ছে।

অন্যদিকে, টানা বৃষ্টির জেরে আমন ধানের জমিতে জল জমতে শুরু করেছে। এতে ফসলের ক্ষতির আশঙ্কায় উদ্বিগ্ন কৃষকরা। পরিস্থিতি মোকাবিলায় বিভিন্ন প্রশাসনিক ভবনে খোলা হয়েছে কন্ট্রোল রুম।

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, ঘূর্ণিঝড় ‘আকওয়ান’ শুক্রবার সকালে ওড়িশার গোপালপুরের কাছে উপকূল অতিক্রম করেছে। তবে এর প্রভাবে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টির পরিস্থিতি এখনও উদ্বেগজনক। দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে শনিবার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সমুদ্র উত্তাল থাকায় মৎস্যজীবীদের জন্যও সতর্কতা জারি রয়েছে।

পরিস্থিতির উপর কড়া নজর রাখছে প্রশাসন। পর্যটক, মৎস্যজীবী ও উপকূলবর্তী এলাকার বাসিন্দাদের সতর্ক থাকার পাশাপাশি প্রশাসনের নির্দেশিকা মেনে চলার আবেদন জানানো হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *