পশ্চিম মেদিনীপুরে বিধানসভার স্ট্যান্ডিং কমিটির বৈঠক, খড়গপুরে গড়ে উঠতে পারে আইটি হাব।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- পশ্চিম মেদিনীপুর জেলায় তথ্যপ্রযুক্তি ও কারিগরি শিক্ষার পরিকাঠামো খতিয়ে দেখতে বুধবার জেলায় এল রাজ্য বিধানসভার তথ্যপ্রযুক্তি ও কারিগরি শিক্ষা বিষয়ক স্ট্যান্ডিং কমিটির প্রতিনিধি দল। জেলা প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে বৈঠক করে জেলার তথ্যপ্রযুক্তি ও কারিগরি শিক্ষার বিভিন্ন বিষয় নিয়ে খোঁজখবর নেন কমিটির সদস্যরা। পাশাপাশি খড়গপুরের আইটি পার্কও পরিদর্শন করেন তাঁরা।
কমিটির নেতৃত্বে ছিলেন চেয়ারম্যান তথা চাঁচলের বিধায়ক প্রসূন বন্দ্যোপাধ্যায়। বৈঠকে উপস্থিত ছিলেন জেলাশাসক বিজিন কৃষ্ণা, অতিরিক্ত জেলাশাসকরা, মেদিনীপুরের বিধায়ক শংকর গুছাইত, খড়গপুর গ্রামীণের বিধায়ক দিনেন রায়, ঝাড়গ্রামের বিধায়ক লক্ষীকান্ত সাউ সহ একাধিক বিধায়ক।
প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, নতুন প্রজন্মের কর্মসংস্থানের সুযোগ বাড়াতে খড়গপুরে একটি আইটি হাব গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। সেই বিষয়েও আলোচনা হয়েছে বলে জানা যাচ্ছে।
বৃহস্পতিবার প্রতিনিধি দলটি মেদিনীপুরের পলিটেকনিক কলেজ পরিদর্শন করবে। এরপর শুক্রবার ঝাড়গ্রাম জেলা পরিদর্শনে যাওয়ার কথা রয়েছে ওই প্রতিনিধি দলের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *