
হরিশ্চন্দ্রপুর, নিজস্ব সংবাদদাতা : – রক্তের কোনও বিকল্প নেই। সময়মতো এক ব্যাগ রক্ত পেলে বাঁচতে পারে মুমূর্ষু রোগীর প্রাণ। কিন্তু নানা ভয় ও ভুল ধারণার কারণে অনেকেই রক্তদান করতে চান না। সাধারণ মানুষের এই ভয় দূর করে রক্তদানে উৎসাহিত করতে শুক্রবার হরিশ্চন্দ্রপুর–২ ব্লকের দৌলতনগর গ্রাম পঞ্চায়েতের স্লুইসগেট বাজার এলাকায় প্রচার চালানো হয়। এদিন চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালের ব্লাড ব্যাংকের মেডিক্যাল অফিসার ডা. শরিফুল ইসলাম রক্তদানের প্রয়োজনীয়তা তুলে ধরেন। তিনি জানান, থ্যালাসেমিয়া আক্রান্ত শিশু, কিডনি ও ক্যানসার রোগী, প্রসূতি মা এবং দুর্ঘটনায় আহতদের চিকিৎসায় রক্তের প্রয়োজন হয়। কিন্তু রক্ত কৃত্রিমভাবে তৈরি করা সম্ভব নয়। একজন সুস্থ মানুষের স্বেচ্ছায় রক্তদান অন্যের জীবন বাঁচাতে পারে। তাই ভয় ও সংকোচ দূরে সরিয়ে সকলকে রক্তদানে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
আগামী ২৯ নভেম্বর, রবিবার সকাল ১০টা থেকে স্লুইসগেট এলাকায় যুব ফাউন্ডেশন ও এমার্জেন্সি ব্লাড সার্ভিসের উদ্যোগে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। শিবিরে স্বাস্থ্য পরীক্ষা ও সাংস্কৃতিক অনুষ্ঠানেরও ব্যবস্থা থাকছে। এই শিবিরে উপস্থিত হয়ে স্বেচ্ছায় রক্তদান করার জন্য সাধারণ মানুষের কাছে আহ্বান জানিয়েছেন আয়োজকরা।












Leave a Reply