৭ দিনের জন্য মাসীর বাড়িতে গেলেন মদনমোহন, রথের সূচনা করলেন কোচবিহার দেবত্তোর ট্রাস্ট বোর্ডের সভাপতি তথা জেলাশাসক পবন কাদিয়ান।

মনিরুল হক, কোচবিহার: সাত দিনের জন্য মাসীর বাড়িতে গেলেন মদনমোহন। আজ মদনমোহন বাড়িতে জেলাশাসক পুজো দেওয়ার পরেই মদনমোহন কে রথে তোলা হয়। মদনমোহনকে রথে তোলার পর রথযাত্রার সূচনা করেন কোচবিহার দেবত্তোর ট্রাস্ট বোর্ডের সভাপতি তথা জেলাশাসক পবন কাদিয়ান। বিকেল ৫ টা ৫ মিনিটে মদনমোহন মন্দির থেকে রথযাত্রা শুরু হয়।

জানা গেছে, মদনমোহন মন্দির থেকে বের হয়ে রথ বিশ্বসিংহ রোড ধরে মীনা কুমারী চৌপথি গিয়ে সেখান থেকে বাঁ দিকে ঘুরে রাজবাড়ি গেট যায়। এরপর সেখান থেকে কেশব রোড ধরে রথ গুঞ্জবাড়ি মন্দির পর্যন্ত যাবে। রথ উপলক্ষ্যে এবারও গুঞ্জবাড়ি মন্দিরের সামনে মেলা বসবে। ওই রথ সেখানে থাকবে সাতদিন। একই সঙ্গে চলবে কীর্তন, ভাগবত পাঠ হবে। প্রতিবছরই এই মেলায় প্রচুর মানুষের সমাগম হয়। রথ যে বারে মদনমোহন মন্দির থেকে যাত্রা শুরু করে, ঠিক সাতদিন পর সেই বারেই আবার মন্দিরে ফিরে আসে। আজ কোচবিহারে মদনমোহনে রথকে কেন্দ্র করে হাজার হাজার পুণ্যার্থীর ভিড় হয়। এরসঙ্গে কোচবিহারবাসীর ভাবাবেগ জড়িত রয়েছে। এদিন রথ যাত্রা ঘিরে কোন রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই কারণে পুলিশ নিরাপত্তা ছিল চোখে পড়ার মতো।

এদিন দেবোত্তর ট্রাস্ট বোর্ডের সম্পাদক বিশ্বদীপ মুখোপাধ্যায় জানান, “রাজআমল থেকে দীর্ঘ সময় ধরে ঐতিহ্যবাহী এই রথের মেলার আয়োজন করা হয় মদনমোহন বাড়িকে কেন্দ্র করে। এই বছরেও সেই নিয়মের অন্যথা হবে না। রথের মেলার উপলক্ষে সংস্কার করা হচ্ছে গুঞ্জবাড়ি এলাকায় থাকা কোচবিহারের মদনমোহন দেবের মাসির বাড়ি এবং ডাঙর আই মন্দির। রথের মেলার মূল আকর্ষণ মদনমোহন দেবের রথকেও সাজিয়ে তোলা হয়েছে নতুনভাবে। সেই রথে করে আজ বাবা মদনমোহন যাবে গুঞ্জবাড়ি দাঙরাই মন্দিরে তার মাসীর বাড়িতে। এবার
রথের মেলা উপলক্ষে প্রচুর মানুষ ভিড় জমাবেন কোচবিহার মদনমোহন বাড়িতে।”

এদিন এবিষয়ে কোচবিহার মদনমোহন বাড়ির পুরোহিত হিরেন্দ্রনাথ চক্রবর্তী জানান, “রথের মেলার একদিন আগে কোচবিহার রাজমাতা মন্দিরের মদনমোহন মদনমোহন বাড়িতে আনা হয়। সেখানে অধিবাস করার মদনমোহনকে নিয়ে যাওয়া হয় কাঠামিয়া মন্দিরে। সেখানে পুজো ভোগ এবং অন্যান্য নিয়ম পালন করা হয়। তার পর রথে চেপে মদনমোহনকে নিয়ে যাওয়া হলো গুঞ্জবাড়ি এলাকায় মদনমোহন দেবের মাসির বাড়িতে। সেখানেই পুজো এবং অন্যান্য নিয়মাবলী পালন করা হবে ৭ দিনব্যাপী। তারপর বাবা আবার মদনমোহন বাড়িতে ফিরে আসবে।”

এদিন এবিষয়ে কোচবিহার দেবত্তোর ট্রাস্ট বোর্ডের সভাপতি তথা জেলাশাসক পবন কাদিয়ান বলেন, “আজ রথ যাত্রা। সেই রথ যাত্রার দিনে মদনমোহন দেবকে পুজো দিলাম। সেখান থেকে বাবাকে রথে করে গুঞ্জবাড়িতে তার মাসীর বাড়িতে নিয়ে যাওয়া হলো। আমি মদনমোহন দেবের পুজো করে কোচবিহার বাসীর সুস্থতা কামনা করলাম। যাতে বাবা মদনমোহন সকলকে ভালো রাখে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *