রেললাইন পারাপার করতে গিয়ে একটি টোটোকে ধাক্কা মারে ট্রেন, ধীরগতিতে থাকার জন্য টোটোর যাত্রীরা প্রাণে বাঁচল।

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:-  সোমবার দুপুরে রানাঘাটের পান্থপাড়া কেবিন মোড় এলাকায় রেললাইন পারাপার করতে গিয়ে একটি টোটোকে ধাক্কা মারে ট্রেন। ধীরগতিতে থাকার জন্য টোটোর যাত্রীরা প্রাণে বেঁচে গিয়েছেন। তবে দুজন যাত্রী জখম হওয়ায় তাদের রানাঘাট মহাকুমা হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তাঁদের নাম টোটোচালক আনন্দ মন্ডল এবং কৃষ্ণনগরের বাসিন্দা মিতা মল্লিক। স্থানীয় বাসিন্দারা বলেন, যাত্রী বোঝাই একটি টোটো দুপুর দেড়টা নাগাদ রেলের পশ্চিমপাড় থেকে পূর্ব পাড়ের দিকে যাচ্ছিল। রেললাইন পারাপার করতে গিয়ে টোটোর চাকা রেল ট্র্যাকের মাঝে ফেঁসে যায়। তখনই দুর্ঘটনাটি ঘটে। তবে টোটোর সামনের অংশ বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। স্থানীয়দের অভিযোগ, গুরুত্বপূর্ণ এই রেল ক্রসিংয়ে কোনও রেলগেট নেই। এমনকী রেলের তরফে কোনও আরপিএর স্টাফও থাকে না এখানে। অসাবধানতার বসে এমন দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। পরে ওই রেললাইন সংলগ্ন এলাকা ঘিরে দিতে আসে রেল পুলিশ। তখন শ্যামনগর গ্রাম পঞ্চায়েতের প্রধান এবং স্থানীয় বাসিন্দারা আপত্তি জানান। আপাতত গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে অস্থায়ীভাবে ওখানে বাঁশের রেলগেট করা হবে বলে জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *