দীর্ঘ টালবাহানার অবসান— ভাঙল জঙ্গিপুর পৌরসভা, অপসারিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান; দায়িত্বে মহকুমা শাসক।

জঙ্গিপুর, নিজস্ব সংবাদদাতা:- ভেঙে দেওয়া হলো জঙ্গিপুর পৌরবোর্ড। পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে পৌরসভার চেয়ারম্যান মফিজুল ইসলামকে। পৌরসভার প্রশাসক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে জঙ্গিপুরের মহকুমা শাসক সুধীরকুমার রেড্ডিকে। এই সিদ্ধান্ত ঘিরে রাজনৈতিক মহলে তীব্র আলোড়ন সৃষ্টি হয়েছে। জানা গিয়েছে, বিগত কয়েক মাস ধরেই জঙ্গিপুরের বিধায়ক জাকির হোসেন এবং পৌরসভার চেয়ারম্যান মফিজুল ইসলামের মধ্যে মতানৈক্য ক্রমশ প্রকাশ্যে আসে। পৌরসভার বিভিন্ন উন্নয়নমূলক কাজ, প্রশাসনিক সিদ্ধান্ত এবং দলীয় সমন্বয় নিয়ে দুই পক্ষের মধ্যে দূরত্ব বাড়ছিল। একাধিকবার বিষয়টি দলীয় স্তরে মেটানোর চেষ্টা হলেও শেষ পর্যন্ত তা সফল হয়নি বলেই সূত্রের খবর।
এই রাজনৈতিক টানাপোড়েনের মধ্যেই রাজ্য সরকারের পক্ষ থেকে জঙ্গিপুর পৌরবোর্ড ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। চেয়ারম্যানকে অপসারণ করে পৌরসভার সম্পূর্ণ প্রশাসনিক দায়িত্ব তুলে দেওয়া হয়েছে প্রশাসকের হাতে। ফলে আপাতত নির্বাচিত জনপ্রতিনিধিদের বদলে প্রশাসনিক ব্যবস্থাপনায় চলবে জঙ্গিপুর পৌরসভা। এখন থেকে জঙ্গিপুর পৌরসভার প্রশাসক হিসেবে দায়িত্বভার সামলাবেন জঙ্গিপুরের মহকুমা শাসক IAS সুধীরকুমার রেড্ডি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *