আকাশছোঁয়া বাজারদরে নাভিশ্বাস, দাম খতিয়ে দেখতে মকদমপুর বাজারে এনফোর্সমেন্ট ব্রাঞ্চের অভিযান।

মালদা, নিজস্ব সংবাদদাতা:- আকাশছোঁয়া বাজারদরে নাভিশ্বাস সাধারণ মানুষের, দাম নিয়ন্ত্রণে মকদমপুর বাজারে এনফোর্সমেন্ট ব্রাঞ্চের অভিযান।
নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের লাগামছাড়া মূল্যবৃদ্ধিতে কার্যত নাজেহাল সাধারণ মানুষ। প্রতিদিনের বাজার করতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে মধ্যবিত্ত থেকে নিম্নবিত্ত পরিবারগুলিকে। সংসারের আয়-ব্যয়ের ভারসাম্য বজায় রাখতে গিয়ে কপালে চিন্তার ভাঁজ গৃহস্থদের। এমন পরিস্থিতিতে বাজারদর নিয়ন্ত্রণে তৎপর হল প্রশাসন।
শনিবার মালদা শহরের মকদমপুর বাজারে অভিযান চালালেন এনফোর্সমেন্ট ব্রাঞ্চের আধিকারিকরা। এদিন বাজারের বিভিন্ন দোকানে ঘুরে নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর দাম সরেজমিনে খতিয়ে দেখেন তারা। কোন পণ্য কত দামে বিক্রি হচ্ছে, সে বিষয়ে ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে বিস্তারিত খোঁজখবর নেন আধিকারিকরা। আচমকা এই অভিযানকে কেন্দ্র করে বাজারের ব্যবসায়ীদের মধ্যে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
একদিকে সংসারের সীমিত আয়, অন্যদিকে নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর ক্রমবর্ধমান দাম—এই দুইয়ের মাঝে কার্যত দিশেহারা সাধারণ মানুষ। বাজারের থলি ভরতে গিয়ে ক্রমশ হালকা হচ্ছে পকেট। মূল্যবৃদ্ধির জেরে সংসারের দৈনন্দিন খরচ সামাল দেওয়াই এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
এই পরিস্থিতিতে এনফোর্সমেন্ট ব্রাঞ্চের বাজার পরিদর্শন যথেষ্ট তাৎপর্যপূর্ণ। তবে প্রশাসনের এই তৎপরতায় আকাশছোঁয়া বাজারদরে আদৌ লাগাম পড়বে কি না, সাধারণ মানুষের হেঁশেলে ফিরবে কি না স্বস্তি, এখন সেটাই দেখার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *