অ্যাডাল্ট ডায়াপারের আড়ালে নিষিদ্ধ কাফ সিরাপ পাচার, কালিয়াচকে উদ্ধার প্রায় ১৫ হাজার বোতল।

মালদা, নিজস্ব সংবাদদাতা:— পুলিশের চোখে ধুলো দিতে গাড়ির সামনে রাখা হয়েছিল অ্যাডাল্ট ডায়াপারের প্যাকেট। আর সেই আড়ালেই পাচার করা হচ্ছিল বিপুল পরিমাণ নিষিদ্ধ কাফ সিরাপ। তবে শেষরক্ষা হল না। গোপন সূত্রে খবর পেয়ে কালিয়াচক পার্কিং এলাকার কাছে সন্দেহজনক গাড়িতে তল্লাশি চালিয়ে প্রায় ১৫ হাজার বোতল নিষিদ্ধ কাফ সিরাপ উদ্ধার করল পুলিশ। উদ্ধার হওয়া সিরাপের আনুমানিক বাজারমূল্য প্রায় ৫০ লক্ষ টাকা বলে জানা গিয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, রাঁচি থেকে মালদার উদ্দেশ্যে ওই বিপুল পরিমাণ কাফ সিরাপ নিয়ে আসা হচ্ছিল। পাচারের সময় পুলিশের নজর এড়াতে গাড়ির সামনে অ্যাডাল্ট ডায়াপার রেখে সিরাপ বহনের পরিকল্পনা করা হয়েছিল বলে প্রাথমিক অনুমান তদন্তকারীদের। গোপন সূত্রে খবর পাওয়ার পর কালিয়াচক পার্কিং এলাকার কাছে গাড়িটি আটক করে তল্লাশি চালানো হয়। তাতেই সামনে আসে পাচারের এই ঘটনা।

ঘটনায় গাড়ির চালক সমদেব মণ্ডল (৩১) এবং খালাসি বিষ্ণু মণ্ডলকে (৩৯) গ্রেফতার করেছে পুলিশ। দু’জনেরই বাড়ি মালদার ইংরেজবাজার থানার আমবাজার এলাকায়। তাঁদের কালিয়াচক থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে।

এই পাচারচক্রের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, কোথা থেকে সিরাপ আনা হয়েছিল এবং মালদার কোথায় তা পৌঁছে দেওয়ার পরিকল্পনা ছিল, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। বড় কোনও চক্রের যোগ রয়েছে কি না, সেই দিকটিও গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *