বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে গঙ্গারামপুরে শুরু দক্ষিণ দিনাজপুরের ৩০তম জেলা বইমেলা।

দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- বর্ণাঢ্য শোভাযাত্রা, মনোজ্ঞ ট্যাবলো ও সাংস্কৃতিক আবহের মধ্য দিয়ে বৃহস্পতিবার গঙ্গারামপুরে সূচনা হল দক্ষিণ দিনাজপুর জেলার ৩০তম বইমেলার। এদিন বেলা তিনটে নাগাদ গঙ্গারামপুর শহরের নিউমার্কেট থেকে শোভাযাত্রার সূচনা হয়। হাইস্কুল পাড়া, দত্তপাড়া ও চৌপথি পরিক্রমা করে শোভাযাত্রাটি গঙ্গারামপুর ফুটবল মাঠে এসে শেষ হয়। সেখানেই আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় বইমেলার।
শোভাযাত্রায় অংশগ্রহণ করেন গঙ্গারামপুর পৌরসভার চেয়ারম্যান প্রশান্ত মিত্র, দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদের সহকারী সভাধিপতি অম্বরিশ সরকার, জেলা গ্রন্থাগারিক দেবব্রত কুমার দাস, গঙ্গারামপুর কলেজের অধ্যক্ষ ড. দীপক কুমার জানা এবং বঙ্গরত্ন পুরস্কারপ্রাপ্ত সাহিত্যিক সুকুমার সরকার সহ একাধিক বিশিষ্ট ব্যক্তি।
শোভাযাত্রায় গঙ্গারামপুর শহরের বিভিন্ন স্কুল ও কলেজের ছাত্রছাত্রীরা উৎসাহ ও উদ্দীপনার সঙ্গে অংশ নেয়। বই, শিক্ষা ও সংস্কৃতিকে তুলে ধরা নানা ট্যাবলো এবং রঙিন শোভাযাত্রায় উৎসবমুখর হয়ে ওঠে গোটা শহর।
মেলা প্রাঙ্গণে ফিতে কেটে আনুষ্ঠানিক উদ্বোধন করেন গঙ্গারামপুর পৌরসভার চেয়ারম্যান প্রশান্ত মিত্র। এরপর নীল-সাদা বেলুন, শান্তির প্রতীক পায়রা ও প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে বইমেলার শুভ সূচনা করেন রাজ্যের ক্রেতা সুরক্ষা মন্ত্রী বিপ্লব মিত্র। মঞ্চে উপস্থিত ছিলেন অধ্যাপক ওম প্রকাশ মিশ্র, সাহিত্যিক প্রলয় মিত্র সহ অন্যান্য বিশিষ্টজনেরা।
বইমেলার সূচনার সঙ্গে সঙ্গেই পাঠক ও বইপ্রেমীদের ভিড় চোখে পড়ে। মন্ত্রী বিপ্লব মিত্র বলেন, “আমাদের জেলায় প্রতিবছরই বইমেলার আয়োজন হয়। এবার গঙ্গারামপুরে বইমেলা হওয়ায় শহরবাসী ও ছাত্রছাত্রীদের মধ্যে আলাদা উৎসবের আমেজ তৈরি হয়েছে। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে নানা প্রকাশনার স্টল এসেছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *