কুমারগঞ্জে দেবের ঝড়ো প্রচার, জনজোয়ারে ভাসল তৃণমূলের র‍্যালি।

দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:— তৃণমূল কংগ্রেসের হেভিওয়েট তারকা প্রচারক তথা ঘাটালের সাংসদ দীপক অধিকারী (দেব) রবিবার কুমারগঞ্জ বিধানসভা এলাকায় নির্বাচনী প্রচারে ঝড় তোলেন।
নির্ধারিত সময় মেনে দুপুর আড়াইটা নাগাদ তিনি হেলিকপ্টারে করে কুমারগঞ্জের মোহনা এলাকায় অবতরণ করেন। সেখানে পৌঁছানো মাত্রই স্থানীয় কর্মী-সমর্থকদের উচ্ছ্বাস চোখে পড়ার মতো ছিল।
এরপর তৃণমূল প্রার্থী তোরাফ হোসেন মন্ডল-এর সমর্থনে এক বিশাল বর্ণাঢ্য র‍্যালি শুরু হয়। মোহনা চকরাম বাজার থেকে শুরু হয়ে এই পদযাত্রা কুমারগঞ্জ বাসস্ট্যান্ড পর্যন্ত বিস্তৃত হয়।
জনপ্রিয় এই অভিনেতাকে এক ঝলক দেখতে রাস্তার দু’পাশে উপচে পড়ে সাধারণ মানুষের ভিড়, যা কার্যত জনসমুদ্রে পরিণত হয়। দেবের উপস্থিতিতে র‍্যালি ঘিরে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ।
কর্মসূচি শেষে প্রার্থী তোরাফ হোসেন মন্ডল বলেন, মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণই তাঁদের জয়ের ইঙ্গিত দিচ্ছে। তিনি দাবি করেন, কুমারগঞ্জ বিধানসভা আসনে এবারও তৃণমূল বিপুল ব্যবধানে জয়ী হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *