
পূর্ব বর্ধমান, নিজস্ব সংবাদদাতা:- মনোনয়ন জমা দেওয়ার আগে ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে দিন শুরু করলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী তথা বিদায়ী মন্ত্রী স্বপন দেবনাথ।
সকাল প্রায় সাতটা নাগাদ স্বপন দেবনাথ স্বস্ত্রীক স্থানীয় বিভিন্ন মন্দিরে পূজা দিয়ে আশীর্বাদ নেন। তারপর বিদ্যানগরে তাঁর বাড়ির সামনে থেকে হুডখোলা গাড়িতে চড়ে কালনা মহকুমা শাসকের দপ্তরের উদ্দেশ্যে রওনা দেন তিনি।
এই শোভাযাত্রায় ছিল উৎসবের আমেজ—বিভিন্ন বাদ্যযন্ত্রের তালে তালে এগিয়েছে মিছিল, পাশাপাশি সর্বধর্ম সমন্বয়ের বার্তা নিয়ে বিভিন্ন সম্প্রদায়ের মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। প্রার্থীর সমর্থনে রাস্তাজুড়ে ভিড় করেন বহু কর্মী-সমর্থক।
জীবনের নানা কঠিন সময়ে যিনি তাঁর পাশে থেকেছেন, সেই সহধর্মিণীকেও এদিন পাশে পেলেন মন্ত্রী। বুধবার মনোনয়নের দিনে স্বামীর সঙ্গে মন্দিরে সকালে পুজো দিতে হাজির হন তিনি।
সব মিলিয়ে ধর্মীয় আবহ, সমর্থকদের উচ্ছ্বাস এবং রাজনৈতিক শক্তি প্রদর্শনের মধ্য দিয়ে মনোনয়ন যাত্রা হয়ে উঠল এক বর্ণাঢ্য ঘটনায়।












Leave a Reply