ফালাকাটায় ভোটের প্রস্তুতি খতিয়ে দেখলেন জেলা প্রশাসন, বুথ পরিদর্শনে জেলাশাসক ও পুলিশ সুপার।

আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা:— আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ফালাকাটার বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শনে নামলেন জেলা প্রশাসনের শীর্ষ কর্তারা। মঙ্গলবার জেলাশাসক, পুলিশ সুপারসহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা একাধিক বুথ ঘুরে দেখেন এবং নিরাপত্তা ও প্রস্তুতির খুঁটিনাটি বিষয় পর্যালোচনা করেন।
পরিদর্শনের সময় ভোটগ্রহণের জন্য প্রয়োজনীয় অবকাঠামো, নিরাপত্তা ব্যবস্থা এবং সামগ্রিক প্রস্তুতি খতিয়ে দেখা হয়। কোথাও কোনও ত্রুটি বা ঘাটতি থাকলে তা দ্রুত মেটানোর নির্দেশও দেওয়া হয় সংশ্লিষ্ট আধিকারিকদের।
এদিন প্রশাসনিক কর্তারা স্থানীয় বাসিন্দাদের সঙ্গেও কথা বলেন। ভোটকে কেন্দ্র করে তাঁদের কোনও সমস্যা বা উদ্বেগ রয়েছে কি না, তা জানতে চান এবং সাধারণ মানুষের মতামত শোনেন।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সম্পূর্ণ শান্তিপূর্ণ, অবাধ ও ভয়মুক্ত পরিবেশে ভোটগ্রহণ নিশ্চিত করতে সবরকম প্রস্তুতি নেওয়া হয়েছে। পাশাপাশি যেকোনও পরিস্থিতি মোকাবিলায় প্রশাসন সর্বদা প্রস্তুত থাকবে বলেও আশ্বাস দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *