মহানন্দার প্রবল স্রোতে তলিয়ে নিখোঁজ ৭০ বছরের বৃদ্ধ, রতুয়ায় চাঞ্চল্য।

মালদা, নিজস্ব সংবাদদাতা:– মাছ ধরতে গিয়ে মহানন্দা নদীর স্রোতে তলিয়ে নিখোঁজ হলেন ৭০ বছর বয়সী এক বৃদ্ধ। ঘটনাটি ঘটে রতুয়া থানার বাহারাল গ্রাম পঞ্চায়েতের ঘুড়ঘুরামনি গ্রামে। ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় রতুয়া থানার পুলিশ ও বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরা। জানা গিয়েছে, ঘুড়ঘুরামনি গ্রামের বাসিন্দা আব্দুল কুদ্দুস। বয়স ৭০বছর। শনিবার সকালে তাঁর ১৫ বছরের নাতিকে সঙ্গে নিয়ে বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার দূরে মহানন্দা নদীতে মাছ ধরতে যান। মাছ ধরার সময় তিনি নদীর জলে কিছুটা এগিয়ে গেলে বর্ষার ফুলে ওঠা নদীর প্রবল স্রোতে ভেসে তলিয়ে যান। নাতি তাঁকে বাঁচানোর চেষ্টা করলেও সফল হয়নি। পরে সে চিৎকার করলে স্থানীয় বাসিন্দারা ছুটে এসে উদ্ধারকাজ শুরু করেন।খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ ও বিপর্যয় মোকাবিলা বাহিনী নদীতে তল্লাশি অভিযান চালায়। তবে সকাল থেকে বিকেল পর্যন্ত অভিযান চললেও নিখোঁজ বৃদ্ধের কোনও সন্ধান মেলেনি। ঘটনাকে ঘিরে নদীর পাড়ে ভিড় জমায় স্থানীয় বাসিন্দারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *