
মালদা, নিজস্ব সংবাদদাতা:– ভাইব্র্যান্ড ভিলেজেস প্রজেক্টে মালদহের সীমান্তের একাধিক গ্রামে নেওয়া হল বেশকিছু উন্নয়ন পরিকল্পনা। জেলার সীমান্তবর্তী ছয়টি ব্লকের ২৯টি সীমান্তবর্তী গ্রামকে ভাইব্রেন্ট ভিলেজ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এই গ্রামগুলিতে আর্থসামাজিক উন্নয়নের লক্ষ্যে বিপুল পরিকল্পনা নেওয়া হল। সীমান্তের গ্রামগুলিতে সরাসরি গ্রামবাসীদের সঙ্গে আলোচনায় উঠে আসা বিভিন্ন সমস্যার সমাধানের জন্য এই প্রকল্পে কাজ করা হবে। এতদিন যে গ্রামগুলি ছিল পিছিয়ে পড়া, সেগুলিকেই প্রথমসারির গ্রাম হিসেবে গড়ে তুলতে কেন্দ্রীয় সরকারের এই উদ্যোগ। “আমার গ্রাম আমার কল্পনা” এই শীর্ষক আলোচনা সভা থেকে উঠে আসবে পরিকল্পনা। যেখানে ওপর থেকে কোনও উন্নয়ন পরিকল্পনা চাপিয়ে দেওয়া হবে না। বরং নিজেদের প্রয়োজনীয়তার ভিত্তিতে গ্রামবাসীদের পরামর্শেই প্রকল্প তৈরি হবে।
সোমবার থেকে মালদহে এই প্রকল্পের কাজ শুরু হল। এদিন মালদা ব্লকের সীমান্তবর্তী আদমপুর বর্ডার আউটপোস্টে গ্রামবাসীদের সঙ্গে প্রশাসন ও জনপ্রতিনিধিরা আলোচনায় বসেন। ঠিক হয়েছে, মালদা ব্লকের আদমপুরে মহানন্দায় নদী আরতি, মাধ্যমিক শিক্ষা কেন্দ্রে স্মার্ট ক্লাসরুম , মহামায়া কালী মন্দিরে কালচারাল ব্লক, আমজাত সামগ্রী শিল্প কেন্দ্র, বাজারের সৌন্দর্যায়ন, বিভিন্ন মন্দিরের সীমানা প্রাচীর, কমিউনিটি হল, স্বাস্থ্য কেন্দ্রের মানউন্নয়ন, সৌরবিদ্যুৎ, রাস্তাঘাটের উন্নয়ন প্রভৃতি একাধিক কাজ হবে।
এদিন আলোচনায় উপস্থিত ছিলেন মালদহের জেলাশাসক রাজনবীর সিং কাপুড়, মালদা উত্তরের সাংসদ খগেন মুর্মু, বিজেপি বিধায়ক গোপাল সাহা, বিডিও অনীক রায় সহ প্রশাসনের পদস্থ কর্তারা।
প্রচুর সংখ্যার গ্রামবাসী ও মহিলারাও হাজির ছিলেন আলোচনায়।












Leave a Reply