
নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুর :- পশ্চিম মেদিনীপুরের গড়বেতা ৩ নম্বর ব্লকের সাতবাঁকুড়া পঞ্চায়েতের বিলা গ্রামের এক নার্সিং ছাত্রী তার বয়স ২১ বছর। কিন্তু তাঁর অজান্তেই ভুয়ো স্বনির্ভর গোষ্ঠী (SHG) বানিয়ে ব্যাঙ্ক থেকে ৮ লক্ষ টাকা ঋণ তুলে নেওয়ার জালিয়াতি ফাঁস হলো বাড়িতে নোটিশ আসায়।
তিনি থাকেন হাজার কিলোমিটার দূরে ব্যাঙ্গালোরে। সেখানে নার্সিংয়ের পড়াশোনা নিয়ে দিনরাত এক করছেন দেখছেন ভবিষ্যতে নিজের পায়ে দাঁড়ানোর স্বপ্ন। অথচ তাঁর নথি জাল করে গ্রামে দিব্যি স্বনির্ভর গোষ্ঠী খুলে টাকা লোপাট করল প্রতারক চক্র! এই ঘটনা প্রকাশ্যে আসতেই ক্ষোভ ব্যাঙ্ক ও গড়বেতা তিন নম্বর ব্লক প্রশাসনের ভূমিকা নিয়ে। সাধারণ মানুষ যেখানে সামান্য ঋণের জন্য ব্যাঙ্কের দরজায় দরজায় চক্কর কেটে জুতো ক্ষয় করেন, সেখানে একজন মানুষ সশরীরে উপস্থিত থাকা না সত্ত্বেও কীভাবে ভেরিফিকেশন প্রক্রিয়া সম্পন্ন হলো? কোন জাদুবলে ব্যাঙ্কের ফিল্ড অফিসাররা না দেখেই লোন পাস করে দিলেন, তা নিয়ে বড়সড় প্রশ্ন উঠছে।
ভুক্তভোগী ছাত্রীর মা ক্ষোভে ফেটে পড়ে জানান, “মেয়ে দীর্ঘদিন বাইরে পড়াশোনা করে, সে এখানে থাকেই না। আমরা কোনো লোন নিইনি, তাই এক পয়সাও শোধ করার প্রশ্নই ওঠে না। এর পেছনে কারা জড়িত তা খুঁজে বের করতে অবিলম্বে উচ্চপর্যায়ের প্রশাসনিক তদন্ত হোক।”
প্রসঙ্গত উল্লেখ্য, গড়বেতা ৩ নম্বর ব্লকে স্বনির্ভর গোষ্ঠীর তহবিল নিয়ে দুর্নীতির ভুরিভুরি অভিযোগ অতীতেও একাধিকবার এসেছে। ভুয়ো সই এবং জাল নথি ব্যবহার করে সরকারি টাকা লুঠের এই ঘটনা প্রশাসনের কঙ্কালসার রূপটিকেই আরও একবার বেআব্রু করে দিল। এই আর্থিক কেলেঙ্কারির নেপথ্যে থাকা রাঘববোয়ালদের অবিলম্বে গ্রেফতারের দাবিতে এবার সরব হয়েছেন স্থানীয় বাসিন্দারা।












Leave a Reply