আইহোয় মহাধুমধামে জগন্নাথদেবের রথযাত্রা, ‘জয় জগন্নাথ’ ধ্বনিতে মুখরিত জনপদ।

মালদা, নিজস্ব সংবাদদাতা: ভক্তি, উৎসাহ ও ধর্মীয় আবেগে মহাধুমধামের সঙ্গে পালিত হল শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা। শুক্রবার মালদার আইহো বক্সীনগর প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণ থেকে শুরু হওয়া এই রথযাত্রায় ঢাক-ঢোল, কীর্তন ও ‘জয় জগন্নাথ’ ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে গোটা এলাকা।
সুসজ্জিত রথে ভগবান জগন্নাথ, বলরাম ও দেবী সুভদ্রার বিগ্রহ প্রতিষ্ঠা করে মালদা–নালাগোলা রাজ্য সড়ক ধরে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। ঘোষপাড়া ব্রিজ থেকে আইহো স্ট্যান্ড পর্যন্ত রাস্তার দু’ধারে অসংখ্য ভক্ত ও দর্শনার্থী ভিড় জমান। রথের দড়ি টানতে নারী-পুরুষ, শিশু ও প্রবীণ—সব বয়সের মানুষের উৎসাহ ছিল চোখে পড়ার মতো।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, দেবাশীষ বিশ্বাসের বাড়ি থেকে রথযাত্রার আনুষ্ঠানিক সূচনা হয়। পরে শোভাযাত্রা আইহো স্ট্যান্ডে শিশির ভূতির বাড়িতে পৌঁছায়। সেখানে ধর্মীয় রীতি মেনে জগন্নাথ, বলরাম ও সুভদ্রার বিগ্রহ স্থাপন করা হয়।
রথযাত্রাকে কেন্দ্র করে গোটা এলাকাজুড়ে ছিল উৎসবের আবহ। নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রেখে শান্তিপূর্ণভাবে অনুষ্ঠান সম্পন্ন হওয়ায় সন্তোষ প্রকাশ করেন আয়োজক ও স্থানীয় বাসিন্দারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *