
পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- পশ্চিম মেদিনীপুর জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের উদ্যোগে শনিবার অনুষ্ঠিত হলো জেলার তৃতীয় জাতীয় লোক আদালত। এদিন লোক আদালতের শুভ সূচনা করেন ভারপ্রাপ্ত জেলা ও দায়রা বিচারক মানষরঞ্জন সান্যাল।
জেলা সদর আদালত ছাড়াও ঘাটাল, গড়বেতা, খড়গপুর ও দাঁতন আদালতে মোট ১৭টি বেঞ্চে এই লোক আদালতের শুনানি হয়। ব্যাংক ঋণ, পথ দুর্ঘটনা, দেওয়ানি ও ফৌজদারি মামলাসহ একাধিক ধরনের মামলার নিষ্পত্তি করা হয় এদিন।
জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, মোট ৫,৯৩২টি মামলার মধ্যে ৪,৪৫৭টি মামলার নিষ্পত্তি হয়েছে। লোক আদালতের মাধ্যমে মোট ৯ কোটি ২৬ লক্ষ ২৭ হাজার ১৮৪ টাকা আদায় হয়েছে বলেও জানানো হয়েছে।
একসঙ্গে বিপুল সংখ্যক মামলার নিষ্পত্তি এবং সাধারণ মানুষের আর্থিক ও আইনি জটিলতা কমানোর ক্ষেত্রে এই লোক আদালতকে উল্লেখযোগ্য সাফল্য হিসেবে দেখা হচ্ছে। বিশেষ করে ব্যাংক ঋণ সংক্রান্ত মামলার নিষ্পত্তির ফলে বহু মানুষ ঋণের বোঝা থেকে কিছুটা স্বস্তি পেয়েছেন বলে মনে করা হচ্ছে। জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের সচিব শাহিদ পারভেজ জানান, লোক আদালতের মাধ্যমে সাধারণ মানুষ দ্রুত ও সহজ পদ্ধতিতে আইনি সমস্যার সমাধানের সুযোগ পাচ্ছেন। এর ফলে দীর্ঘদিন ধরে চলা মামলার নিষ্পত্তির পাশাপাশি সাধারণ মানুষ আর্থিক চাপ থেকেও অনেকটাই মুক্তি পাচ্ছেন।












Leave a Reply