
পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- দুর্গা ছাতুর মরশুম পেরিয়ে গেলেও জঙ্গলমহলের জঙ্গলে এখনও মিলছে সুস্বাদু বন্য ছাতু। আর সেই ছাতুই এখন রীতিমতো জমিয়ে দিয়েছে পশ্চিম মেদিনীপুরের বিভিন্ন বাজার। বাজারে বাড়ছে মৌঢাল ছাতুর চাহিদা। দামও রয়েছে সাধারণ মানুষের নাগালের মধ্যে। ফলে বিক্রিও হচ্ছে বেশ ভালো।
মেদিনীপুর শহরের কলেজ রোড, রাজাবাজার, গেটবাজার, কোতোয়ালি বাজার-সহ বিভিন্ন এলাকায় মৌঢাল ছাতুর পসরা সাজিয়ে বসেছেন বিক্রেতারা। বিক্রেতাদের দাবি, প্রতিদিন গড়ে পাঁচ থেকে ছয় কিলো, এমনকি তারও বেশি ছাতু বিক্রি হচ্ছে। সুস্বাদু এই বন্য ছাতু কিনতে বাজারে ভিড় জমাচ্ছেন ক্রেতারা।
জঙ্গলমহলের শাল-মহুয়ার জঙ্গলে সাধারণত বর্ষার শেষে এই ছাতু ফুটতে দেখা যায়। মহুয়া গাছের ঝরে পড়া পাতা পচে মাটিতে মিশে যাওয়ার পর সেখানেই জন্মায় এই ছাতু। দেখতে অনেকটা কদমা মিষ্টির মতো গোল, উপরের অংশ মসৃণ ও চকচকে। ভোজ্য বন্য ছাতুগুলির মধ্যে আকারেও বেশ বড় এই মৌঢাল ছাতু।
বিক্রেতাদের কথায়, সাধারণত ভাদ্র-আশ্বিন মাসেই এই ছাতু ফোটে। তারপর বন্ধ হয়ে যায়। কিন্তু এবছর বারবার বৃষ্টি হওয়ায় নতুন করে জঙ্গলে দেখা মিলছে মৌঢাল ছাতুর। আর তাতেই খুশি বিক্রেতা থেকে ক্রেতা, দু’পক্ষই।
রান্নার আগে গরম জলে সামান্য সিদ্ধ করে সেই জল ফেলে দিলে ছাতুর মাটির গন্ধ দূর হয়। এরপর অন্যান্য ছাতুর মতোই রান্না করা যায় এই সুস্বাদু বনজ খাবার।
শুধু মৌঢাল নয়, বাজারে রয়েছে বড় বালি ছাতুর চাহিদাও। জঙ্গলের ভিতরে জন্মানো এই বড় বালি ছাতু প্রতিদিন পাঁচ থেকে আট কিলো পর্যন্ত বিক্রি করছেন বলে জানাচ্ছেন বিক্রেতারা।
আসলে জঙ্গলমহলের বহু মানুষের কাছে বন্য ছাতু সংগ্রহ শুধু খাবারের জোগান নয়, উপার্জনেরও অন্যতম মাধ্যম। জঙ্গল থেকে ছাতু সংগ্রহ করে বাজারে বিক্রি করেই সংসার চালাচ্ছেন বহু মানুষ। ফলে জঙ্গলের এই প্রাকৃতিক সম্পদ একদিকে যেমন রসনাতৃপ্তি মেটাচ্ছে, অন্যদিকে তেমনই গ্রামীণ অর্থনীতিতেও জোগাচ্ছে বাড়তি রসদ।












Leave a Reply