
মালদা, নিজস্ব সংবাদদাতা:– ধরতি আবা তথা ভগবান বীরসা মুন্ডার জন্মজয়ন্তী উপলক্ষে যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হলো ‘জনজাতি গৌরব দিবস’। এই উপলক্ষে মালদার বামনগোলায় সাত দিনব্যাপী বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কর্মসূচির আয়োজন করা হয়েছে। আদিবাসী সমাজের সংস্কৃতি, ঐতিহ্য এবং বীরসা মুন্ডার জীবনাদর্শ নতুন প্রজন্মের সামনে তুলে ধরাই এই উদ্যোগের মূল লক্ষ্য।
এদিন সকালে ম্যারাথন দৌড় প্রতিযোগিতার মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর আদিবাসী সংস্কৃতি ও ঐতিহ্যকে তুলে ধরতে আয়োজন করা হয় মনোজ্ঞ আদিবাসী নৃত্য প্রতিযোগিতার। প্রতিযোগিতায় অংশগ্রহণকারীরা তাঁদের নৃত্য ও সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে আদিবাসী সমাজের নিজস্ব ঐতিহ্য ও কৃষ্টিকে তুলে ধরেন। পাশাপাশি ভগবান বীরসা মুন্ডার জীবনসংগ্রাম, সমাজ সংস্কারে তাঁর ভূমিকা এবং আদিবাসী অধিকার প্রতিষ্ঠার লড়াই নিয়ে বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানের অন্যতম উদ্যোক্তা বিশিষ্ট সমাজসেবী বীণা সরকার কীর্তনিয়া জানান, বর্তমান প্রজন্মের কাছে ভগবান বীরসা মুন্ডার আদর্শ, আত্মত্যাগ ও সংগ্রামের ইতিহাস পৌঁছে দেওয়ার পাশাপাশি আদিবাসী সমাজের সংস্কৃতি ও ঐতিহ্যকে সংরক্ষণ করতেই এই সাত দিনব্যাপী কর্মসূচির উদ্যোগ নেওয়া হয়েছে। শুধু সাংস্কৃতিক অনুষ্ঠানই নয়, কর্মসূচির মধ্যে রাখা হয়েছে হাঁড়িভাঙা খেলার মতো ঐতিহ্যবাহী গ্রামীণ খেলাধুলাও। পাশাপাশি কৃষিকাজে সাধারণ মানুষের সুবিধার্থে তাঁদের হাতে কোদাল ও বেলচা তুলে দেওয়ারও উদ্যোগ নেওয়া হয়েছে। এই উদ্যোগের মাধ্যমে সামাজিক সম্প্রীতি ও জনকল্যাণের বার্তাও তুলে ধরা হয়।
এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বামনগোলা ব্লকের জয়েন্ট বিডিও অমিত কুমার বিশ্বাস, দিলীপ কুমার ভক্ত, বামনগোলা ব্লক পঞ্চায়েত সমিতির সভাপতি প্রাণেশ্বরী হেমরম, বিশিষ্ট সমাজসেবী বীণা সরকার কীর্তনিয়া-সহ এলাকার অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। সাত দিনব্যাপী এই কর্মসূচিকে ঘিরে এলাকায় উৎসাহ ও উদ্দীপনার পরিবেশ তৈরি হয়েছে।












Leave a Reply