
পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:-কয়েক মাসের অক্লান্ত পরিশ্রম, মাঠজুড়ে সোনালি আমন ধান, আর সেই ফসল ঘরে তোলার অপেক্ষায় দিন গুনছেন কৃষকেরা। কিন্তু ধান কাটার ঠিক আগেই আবহাওয়ার প্রতিকূল পরিস্থিতি ঘিরে তৈরি হয়েছে আশঙ্কা। ঘূর্ণিঝড় ‘আকভান’-এর সম্ভাব্য প্রভাবে বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার আশঙ্কা, আর তাতেই মাথায় হাত পশ্চিম মেদিনীপুর জেলার কৃষকদের!
জেলার সবং, পিংলা, ডেবরা, নারায়ণগড়, গড়বেতা,গোয়ালতোড়, চন্দ্রকোনা টাউন বেলদা থেকে দাঁতন—বিস্তীর্ণ এলাকায় এখন আমন ধান কাটার মরশুম। কোথাও বাদশাভোগ, কোথাও লালস্বর্ণ, চৈতালি, মুগি কিংবা কবিরাজ ধান। মাঠে মাঠে পেকে উঠেছে সোনালি ফসল। কিন্তু আবহাওয়ার পরিবর্তনে সেই ফসল ঘরে তোলা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা।
কৃষকদের আশঙ্কা, ঘূর্ণিঝড়ের প্রভাবে বৃষ্টি ও ঝোড়ো হাওয়া বাড়লে জমিতে পাকা ধান মাটিতে লুটিয়ে পড়তে পারে। এমন পরিস্থিতিতে শুধু ফসলের ক্ষতি নয়, ধান কাটার কাজেও তৈরি হতে পারে সমস্যা। আর শেষ মুহূর্তে ফসল নষ্ট হলে বড়সড় আর্থিক ক্ষতির মুখে পড়তে পারেন চাষিরা।
কারণ, এই চাষের পিছনে রয়েছে কয়েক মাসের পরিশ্রম, রয়েছে সার, বীজ, কীটনাশক, শ্রমিকের খরচ। অনেকেই ধারদেনা করে কিংবা নিজেদের সঞ্চয় ভেঙে চাষ করেছেন। এখন ফসল ঘরে তোলার মুখে দুর্যোগের আশঙ্কায় দুশ্চিন্তা বাড়ছে তাঁদের।
একদিকে আকাশের দিকে তাকিয়ে আবহাওয়ার গতিপ্রকৃতি বোঝার চেষ্টা, অন্যদিকে মাঠে দাঁড়িয়ে থাকা পাকা ধান ঘরে তোলার তাগিদ। সব মিলিয়ে ঘূর্ণিঝড় ‘আকভান’-এর আশঙ্কায় উদ্বেগে পশ্চিম মেদিনীপুরের কৃষক সমাজ।কয়েক মাসের পরিশ্রম, এক বুক আশা আর সারা বছরের স্বপ্ন—প্রকৃতির প্রতিকূলতায় শেষ মুহূর্তে সেই স্বপ্ন ভেঙে যাবে না তো? এখন সেই আশঙ্কাতেই দিন কাটছে কৃষকদের।












Leave a Reply