
পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:-পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা-৩ ব্লকের চন্দ্রকোনারোড শহরে নার্সিংহোমের পাশে মৃত ভ্রূণ উদ্ধারকে ঘিরে বুধবার সকালে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দাদের নজরে আসে রাস্তার পাশে পড়ে রয়েছে একটি মৃত ভ্রূণ। অভিযোগ, সেটিকে কুকুরে টানাটানি করছিল। ঘটনাস্থলের পাশেই রয়েছে বিদ্যাসাগর নার্সিংহোম।
ঘটনাকে কেন্দ্র করে ক্ষোভ প্রকাশ করেন স্থানীয় বাসিন্দারা। খবর দেওয়া হয় পুলিশকে। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে পুলিশ। ইতিমধ্যেই নার্সিংহোম কর্তৃপক্ষের কয়েকজনকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে।
কীভাবে মৃত ভ্রূণটি সেখানে এল, এর পিছনে নার্সিংহোমের কোনও ভূমিকা রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। ঘটনার প্রকৃত কারণ জানতে শুরু হয়েছে তদন্ত। উল্লেখ্য, রাজ্যে একাধিক নাবালিকার অন্তঃসত্ত্বা হওয়ার ঘটনা সামনে আসার পর প্রশাসনিক তৎপরতা বেড়েছে। সেই আবহে চন্দ্রকোনারোডের এই ঘটনাকে ঘিরে উঠছে নানা প্রশ্ন। ঘটনার তদন্তের দিকেই এখন তাকিয়ে রয়েছেন এলাকার বাসিন্দারা।












Leave a Reply