
জঙ্গিপুর, নিজস্ব সংবাদদাতা: শ্রমজীবী মানুষের অধিকার রক্ষা ও তাঁদের উন্নয়নের লক্ষ্যে জঙ্গিপুরে একাধিক উদ্যোগের কথা ঘোষণা করল বিজেএমসি (BJMC)। সংগঠনের ন্যাশনাল সভাপতি অর্ণব চ্যাটার্জি এবং সহ-সভাপতি আরবান গাঙ্গুলীর নেতৃত্বে আয়োজিত কর্মসূচিতে শ্রমজীবী মানুষের বিভিন্ন সুযোগ-সুবিধা ও সরকারি প্রকল্প নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
এদিন বিশেষ গুরুত্ব দেওয়া হয় শ্রমিকদের বিভিন্ন কার্ড সম্পর্কে সচেতনতা বৃদ্ধির উপর। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে শ্রমজীবী মানুষের কাছে সংশ্লিষ্ট কার্ডের গুরুত্ব ও সুযোগ-সুবিধা সম্পর্কে জানাবেন। যাতে কোনও শ্রমিক সরকারি প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত না হন, সেই লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে সংগঠনের নেতৃত্বের বক্তব্য।
এদিনের কর্মসূচিতে চিত্রা হালদারকে বিজেএমসির পশ্চিমবঙ্গের রাজ্য সাধারণ সম্পাদিকা হিসেবে ঘোষণা করা হয়। সংগঠনের নেতৃত্ব জানান, এবার থেকে তিনি গোটা রাজ্যজুড়ে সংগঠনের সাংগঠনিক কাজকর্ম পরিচালনার দায়িত্ব সামলাবেন।
সংগঠনের আর্থিক স্বচ্ছতা ও রাজনৈতিক পরিচয় প্রসঙ্গেও বক্তব্য রাখেন ন্যাশনাল সভাপতি অর্ণব চ্যাটার্জি। তিনি দাবি করেন, বিজেএমসি কোনও ব্যক্তির কাছ থেকে চাঁদা আদায় করে না। পাশাপাশি সংগঠনের সঙ্গে বিজেপির সাংগঠনিক সম্পর্ক নেই বলেও জানান তিনি। তাঁর বক্তব্য, বিভিন্ন ট্রেড ইউনিয়নের কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে স্বীকৃত লোগোর প্রয়োজন হয় এবং বিজেএমসি সরকার স্বীকৃত একটি লোগো ব্যবহার করে। একই সঙ্গে তিনি বলেন, তাঁরা নিজেদের ভারতীয় ও ভারতমাতার সন্তান হিসেবে পরিচয় দেন এবং ভারতমাতার জয়ধ্বনি দেন। তিনি আরও জানান, তাঁরা বিজেপির কর্মীও।
জঙ্গিপুরে সংগঠনকে শক্তিশালী করার ক্ষেত্রে জয়ন্ত রুদ্রের ভূমিকার কথাও এদিন বিশেষভাবে তুলে ধরা হয়। নেতৃত্বের দাবি, সুব্রত, বাবলু ও চিত্রা হালদার-সহ একাধিক কর্মীকে সঙ্গে নিয়ে জয়ন্ত রুদ্র সংগঠনকে মজবুত ভিতের উপর দাঁড় করিয়েছেন। বর্তমানে তিনি বিজেএমসির রাজ্য সাধারণ সম্পাদক। তাঁর দীর্ঘদিনের সাংগঠনিক প্রচেষ্টার ফলেই জঙ্গিপুরে সংগঠন শক্তিশালী হয়েছে বলে দাবি নেতৃত্বের।












Leave a Reply