২০ দিন ধরে পূর্বস্থলী-২ ব্লক হাসপাতালে অজ্ঞাতপরিচয় অসুস্থ ব্যক্তি, পরিচয় মেলেনি, বাড়ছে উদ্বেগ।

পূর্বস্থলী, নিজস্ব সংবাদদাতা: প্রায় ২০ দিন আগে পূর্বস্থলী-২ ব্লক হাসপাতালে এক অজ্ঞাতপরিচয় মুমূর্ষু রোগীকে ভর্তি করিয়ে চলে যান পাটুলির এক বাসিন্দা। তারপর থেকে ওই রোগীর খোঁজ নিতে আর কেউ আসেননি বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে। বর্তমানে হাসপাতালের বেডে অসহায় অবস্থায় পড়ে রয়েছেন তিনি। রোগীর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উদ্বেগ বাড়ছে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের মধ্যে।

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, ওই ব্যক্তিকে ভর্তি করানোর পর যিনি তাঁকে হাসপাতালে নিয়ে এসেছিলেন, তাঁর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও কোনও সাড়া মেলেনি। রোগীর কোনও নিকট আত্মীয় বা পরিচিতেরও সন্ধান পাওয়া যায়নি। ফলে গত প্রায় ২০ দিন ধরে কার্যত একাই হাসপাতালে রয়েছেন ওই অসুস্থ ব্যক্তি।

হাসপাতাল সূত্রের দাবি, রোগীর শারীরিক অবস্থার ক্রমশ অবনতি হচ্ছে। খাওয়া-দাওয়াও প্রায় বন্ধ। চিকিৎসাতেও আশানুরূপ সাড়া মিলছে না বলে উদ্বেগ প্রকাশ করেছেন হাসপাতালের কর্মীরা।

বিষয়টি নিয়ে হাসপাতালের চিকিৎসকরা একাধিকবার পূর্বস্থলী থানার পুলিশকে লিখিতভাবে জানিয়েছেন বলে জানা গিয়েছে। তবে অভিযোগ, এখনও পর্যন্ত রোগীর পরিচয় উদ্ধার কিংবা তাঁর পরিজনদের খুঁজে বের করার ক্ষেত্রে দৃশ্যমান কোনও কার্যকর পদক্ষেপ হয়নি।

এই পরিস্থিতিতে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে। হাসপাতালের বেডে ওই অজ্ঞাতপরিচয় ব্যক্তির মৃত্যু হলে তাঁর দায়িত্ব নেবে কে? তাঁর পরিচয় উদ্ধারে কী উদ্যোগ নেওয়া হয়েছে? প্রশাসনের কাছে দ্রুত হস্তক্ষেপের দাবি জানাচ্ছেন হাসপাতালের কর্মী ও সংশ্লিষ্ট মহল।

একদিকে মৃত্যুর সঙ্গে লড়াই করছেন এক অসহায় মানুষ, অন্যদিকে তাঁর পরিচয় ও পরিবারের সন্ধান না মেলায় তৈরি হয়েছে উদ্বেগ। এই পরিস্থিতিতে প্রশাসনের দ্রুত পদক্ষেপই এখন একমাত্র ভরসা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *