সালামপুরে একই রাতে দুটি মন্দিরে চুরি! বিগ্রহের অলংকার ও মূল্যবান সামগ্রী উধাও, এলাকায় চাঞ্চল্য

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- রাতের অন্ধকারে পরপর দুটি মন্দিরে চুরির ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল এলাকায়। দাসপুর থানার অন্তর্গত কোলমিজোড় ব্রিজের পার্শ্ববর্তী সালামপুর গ্রামে গতকাল রাতে দুটি মন্দিরে চুরির ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে। মন্দিরের ভিতরে থাকা বিভিন্ন দেবদেবীর মূল্যবান অলংকার ও সামগ্রী চুরি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রথম চুরির ঘটনাটি ঘটেছে গ্রামের শীতলা মন্দিরে। সেখান থেকে রামচন্দ্র ঠাকুর, জানকিনাথ ঠাকুর এবং নারায়ণ ঠাকুরের রূপোর পৈতে চুরি হয়েছে বলে অভিযোগ।

অন্যদিকে, গ্রামের মহিষপাড়ার মহাপ্রভু মন্দিরেও চুরির ঘটনা ঘটেছে। ওই মন্দির থেকে রাধাকৃষ্ণের সোনার চুড়ি, রূপোর বালা, রূপোর বাঁশি, সোনার চেন এবং মহাপ্রভুর রূপোর মুকুট চুরি হয়েছে বলে জানা গিয়েছে।

একই রাতে গ্রামের দুটি মন্দিরে এভাবে চুরির ঘটনায় স্বাভাবিকভাবেই উদ্বেগ ছড়িয়েছে স্থানীয় বাসিন্দা ও ভক্তদের মধ্যে। ধর্মীয় স্থানগুলিতে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে উঠছে প্রশ্ন।

কে বা কারা এই চুরির ঘটনার সঙ্গে জড়িত, কীভাবে মন্দিরের ভিতরে প্রবেশ করে মূল্যবান সামগ্রী নিয়ে গেল দুষ্কৃতীরা, তা নিয়ে তৈরি হয়েছে নানা প্রশ্ন।

এখন স্থানীয় বাসিন্দাদের নজর প্রশাসনের পদক্ষেপের দিকে। চুরি যাওয়া সামগ্রী উদ্ধার এবং ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করার দাবি জানিয়েছেন এলাকাবাসী

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *