পঞ্চায়েত নির্বাচনের প্রস্তুতি নেওয়ার নির্দেশ কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের।

কোচবিহার, ২৬ আগস্টঃ দলের ব্লক স্তরের নেতৃত্বদের নিয়ে রুদ্ধদ্বার বৈঠক করে পঞ্চায়েত নির্বাচনের প্রস্তুতি শুরু করে দিলেন কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেস। আজ কোচবিহার শহরে একটি বেসরকারি হোটেলে তৃণমূলের ওই বৈঠক হয়। বৈঠকে তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক, উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ, বিধায়ক জগদীশ বসুনিয়া, পরেশ অধিকারী, রাজ্য সহ সভাপতি রবীন্দ্রনাথ ঘোষ সহ বেশ কয়েকজন নেতৃত্ব উপস্থিত ছিলেন। এছাড়াও দলের মাদার সংগঠনের নব নিযুক্ত ব্লক সভাপতি, মহিলা সংগঠনের ব্লক সভাপতি এবং আইএনটিটিইউসির ব্লক সভাপতিদের নিয়ে ওই বৈঠক হয়।
বৈঠকে আগামী পঞ্চায়েত নির্বাচনের প্রস্তুতি নিয়ে যেমন আলোচনা হয়, তেমনি দলের একাধিক নেতৃত্বের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ নিয়ে বিরোধীদের প্রচারের মোকাবিলা সহ নানা দিক নিয়ে আলোচনা হয় বলে জানা গিয়েছে। শুধু তাই নয়, জেলা সংগঠনে আর যাতে কোন ভাবেই গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে চলে না আসে, সেব্যাপারেও নেতৃত্বদের সতর্ক করা হয় বলে জানা গিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *