হরিরামপুরে মমতার সভা, বিজেপির বিরুদ্ধে তীব্র আক্রমণ।

দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- শুক্রবার দক্ষিণ দিনাজপুরের হরিরামপুর বিধানসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্র-এর সমর্থনে জনসভা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
সভামঞ্চ থেকে তিনি মালদার সাম্প্রতিক অশান্তির প্রসঙ্গ তুলে বলেন, “জুডিশিয়াল অফিসারদের আটকে রাখা অত্যন্ত অন্যায়। তবে এই ঘটনার মূল অভিযুক্তকে ইতিমধ্যেই ধরা হয়েছে। বহিরাগতদের ঢুকিয়ে অশান্তি সৃষ্টি করা হয়েছিল।”
বিজেপিকে কটাক্ষ করে তিনি বলেন, “যারা বাংলার সর্বনাশ চায়, তাদের বিরুদ্ধে লড়াই চলবে। বিজেপি গণতন্ত্র কেড়ে নিতে চাইছে, ভোটাধিকার কেড়ে নিতে চাইছে।”
এদিন সাধারণ মানুষকে সতর্ক করে তিনি জানান, “কেউ যদি সরকার বা তৃণমূলের নাম করে ব্যাঙ্কের তথ্য চায়, ভুলেও দেবেন না। প্রতারণার চেষ্টা চলছে।”
তৃণমূল কংগ্রেস সুপ্রিমো আরও দাবি করেন, রাজ্যে উন্নয়নমূলক কাজ অব্যাহত রয়েছে। লক্ষ্মীর ভান্ডার, যুবসাথী-সহ একাধিক প্রকল্পের কথা তুলে ধরে তিনি বলেন, “আমরা করে দেখাই, শুধু বলি না।”
একইসঙ্গে বিজেপির বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়ে তিনি বলেন, “বাইরের লোক এনে অশান্তি তৈরি করা হচ্ছে। বাংলার বদনাম করা হচ্ছে।”
সভা শেষে হরিরামপুর থেকে উত্তর দিনাজপুরের রায়গঞ্জে পরবর্তী কর্মসূচির উদ্দেশ্যে রওনা দেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *