আদিবাসী সম্মানে বিজেপি, পাহানপাড়ায় শতায়ু বৃদ্ধাকে সংবর্ধনা বিদ্যুৎ কুমার রায়ের।

দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:— নির্বাচনী প্রচারের মাঝেই আদিবাসী সমাজের প্রতি সম্মান প্রদর্শনের নজির রাখলেন বালুরঘাট বিধানসভার বিজেপি প্রার্থী Bidyut Kumar Roy। সোমবার বালুরঘাট শহরের ৯ নম্বর ওয়ার্ডের পাহানপাড়া এলাকায় প্রচারে গিয়ে শতবর্ষ পেরোনো এক আদিবাসী বৃদ্ধাকে সংবর্ধনা জানান তিনি।
প্রচারের ফাঁকে ওই বৃদ্ধার বাড়িতে গিয়ে ফুলের মালা পরিয়ে সম্মানিত করেন Bidyut Kumar Roy এবং তাঁর আশীর্বাদ গ্রহণ করেন। পাশাপাশি বৃদ্ধার শারীরিক অবস্থার খোঁজখবরও নেন তিনি। প্রার্থীকে কাছে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন ওই প্রবীণ মহিলা ও তাঁর পরিবারের সদস্যরা।
এদিন প্রার্থী বলেন, “আদিবাসী সমাজ আমাদের গর্ব। বিজেপি সবসময় আদিবাসী ভাই-বোনেদের পাশে রয়েছে। কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্পে তাঁদের উন্নয়নকে অগ্রাধিকার দেওয়া হয়েছে।” তিনি আরও জানান, মানুষের আশীর্বাদ নিয়েই বালুরঘাটের সেবায় নিজেকে নিয়োজিত করতে চান।
এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপির বালুরঘাট শহর মণ্ডলের নেতৃত্ব ও কর্মীরা। পাশাপাশি এলাকার আদিবাসী বাসিন্দাদের সঙ্গে কথা বলে তাঁদের সমস্যা ও দাবি-দাওয়াও শোনেন প্রার্থী।
উল্লেখ্য, ভোটের প্রচারে বুথভিত্তিক জনসংযোগে জোর দিয়েছেন Bidyut Kumar Roy।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *