কচিকাঁচাদের উচ্ছ্বাসে মুখর আইহো, ছোট্ট রথে জগন্নাথ-সুভদ্রা-বলরামের শোভাযাত্রা।

মালদা, নিজস্ব সংবাদদাতা: রথযাত্রার আনন্দে এবার মাতল কচিকাঁচারাও। ভগবান জগন্নাথ, দেবী সুভদ্রা ও ভগবান বলরামকে ছোট্ট রথে বসিয়ে গ্রামের বিভিন্ন রাস্তা পরিক্রমা করল শিশুরা। তাদের উচ্ছ্বাসে শামিল হলেন এলাকার প্রবীণ থেকে সাধারণ মানুষ—৮ থেকে ৮০, সকলের অংশগ্রহণে ধর্মীয় উৎসব যেন এক মিলনমেলায় পরিণত হল।
শুক্রবার মালদা জেলার হবিবপুর ব্লকের আইহো এলাকায় ধরা পড়ে এই মনোমুগ্ধকর ছবি। ঢাক-ঢোলের তালে এবং ‘জয় জগন্নাথ’ ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে গোটা গ্রাম। ছোট্ট রথের দড়ি টেনে আনন্দে মেতে ওঠে শিশু-কিশোররা। তাঁদের উৎসাহ ও উচ্ছ্বাসে উৎসবের আবহ আরও প্রাণবন্ত হয়ে ওঠে।
রথযাত্রার শোভাযাত্রা গ্রামজুড়ে পরিক্রমা করলে রাস্তার দু’ধারে দাঁড়িয়ে বহু মানুষ তা উপভোগ করেন। অনেকেই শিশুদের উৎসাহ বাড়াতে রথের দড়িতেও হাত লাগান।
স্থানীয়দের মতে, এই ধরনের আয়োজন শুধু ধর্মীয় উৎসব পালনের মধ্যেই সীমাবদ্ধ নয়; এর মাধ্যমে নতুন প্রজন্মের কাছে বাংলার ঐতিহ্য, সংস্কৃতি ও সামাজিক সম্প্রীতির মূল্যবোধ পৌঁছে দেওয়া সম্ভব হচ্ছে। শিশুদের সক্রিয় অংশগ্রহণে এবারের আইহোর রথযাত্রা বিশেষ আকর্ষণ হয়ে উঠেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *