
মালদা, নিজস্ব সংবাদদাতা: দীর্ঘ প্রায় দেড় দশক পর আবারও ঐতিহ্যের আবহে শুরু হল মালদা জেলার কালিয়াচকের জালালপুরের ঐতিহাসিক রথযাত্রা। প্রায় ৬৩০ বছরের প্রাচীন এই রথযাত্রা ও রথমেলা পুনরায় আয়োজন হওয়ায় বৃহস্পতিবার হাজার হাজার ভক্ত, দর্শনার্থী ও স্থানীয় বাসিন্দাদের উপস্থিতিতে গোটা এলাকা উৎসবের আবহে মুখরিত হয়ে ওঠে।
রথযাত্রা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মালদা জেলা পুলিশ সুপার অনুপম সিংহ, কালিয়াচক থানার আইসি লিটন রক্ষিত, উত্তর মালদার সাংসদ খগেন মুর্মু, বৈষ্ণবনগর বিধানসভার বিধায়ক রাজু কর্মকার, শ্রী রূপা মিত্র-সহ প্রশাসনের একাধিক আধিকারিক ও বিশিষ্ট ব্যক্তিত্ব।
দীর্ঘদিন পর এই ঐতিহ্যবাহী রথযাত্রার পুনরুজ্জীবনকে ঘিরে স্থানীয় মানুষের মধ্যে ছিল প্রবল উৎসাহ। রথের দড়িতে টান দিতে এবং রথমেলার আনন্দ উপভোগ করতে সকাল থেকেই ভিড় জমাতে থাকেন হাজার হাজার ভক্ত।
উৎসবকে ঘিরে আইনশৃঙ্খলা বজায় রাখতে কালিয়াচক থানার উদ্যোগে ছিল কড়া নিরাপত্তা ব্যবস্থা। রথযাত্রার রুট এবং মেলা প্রাঙ্গণ জুড়ে মোতায়েন ছিল বিপুল সংখ্যক পুলিশ বাহিনী। প্রশাসনের তৎপরতায় শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবেই রথযাত্রা অনুষ্ঠিত হয়।
স্থানীয়দের মতে, দীর্ঘ বিরতির পর এই ঐতিহাসিক রথযাত্রার পুনরারম্ভ শুধু একটি ধর্মীয় উৎসব নয়, বরং জালালপুরের ঐতিহ্য ও সংস্কৃতির পুনর্জাগরণের এক গুরুত্বপূর্ণ অধ্যায়। আগামী দিনেও এই ঐতিহ্য একইভাবে বজায় থাকবে বলেই আশাবাদী এলাকাবাসী।












Leave a Reply