নিউটাউনে ফ্ল্যাট দখলের অভিযোগে আটক বিজেপি নেতা, পুলিশের সামনেই ‘ডিম থেরাপি’ উত্তেজিত জনতার।

কলকাতা, নিজস্ব সংবাদদাতা: নিউটাউনের ইস্টার্ন হাই আবাসনে এক বৃদ্ধার ফ্ল্যাট জোরপূর্বক দখল করে রাখার অভিযোগে বিজেপি নেতা বরুণ বিশ্বাসকে আটক করতে গিয়ে উত্তেজনার সৃষ্টি হয়। পুলিশ তাঁকে নিয়ে যাওয়ার সময় ক্ষুব্ধ আবাসিক ও স্থানীয় বাসিন্দারা ‘চোর চোর’ স্লোগান তুলে তাঁকে লক্ষ্য করে ডিম ছোড়েন। অভিযোগ, ডিম নিক্ষেপের পাশাপাশি ধাক্কাধাক্কি ও চড়-ঘুষিও মারা হয়। সাম্প্রতিক সময়ে পশ্চিমবঙ্গে রাজনৈতিক ব্যক্তিত্বদের ওপর ডিম নিক্ষেপের একাধিক ঘটনা ঘটলেও, বিজেপির কোনো নেতাকে লক্ষ্য করে এমন ঘটনা এই প্রথম বলে রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে।
অভিযোগ অনুযায়ী, নিউটাউনের ইস্টার্ন হাই আবাসনের বাসিন্দা অনিতা বন্দ্যোপাধ্যায়ের ফ্ল্যাট ২০১৮ সালে ভাড়া নিয়েছিলেন বরুণ বিশ্বাস। তবে চুক্তির মেয়াদ শেষ হওয়ার পরও তিনি ফ্ল্যাট ছাড়েননি। অভিযোগ, ২০১৯ সালের মার্চ মাস থেকে তিনি কোনো ভাড়াও দেননি। ফলে বকেয়া ভাড়ার পরিমাণ প্রায় ১৬ লক্ষ টাকায় পৌঁছায়।
বিষয়টি আদালতে গড়ায়। দীর্ঘ আইনি প্রক্রিয়ার পর আদালতের নির্দেশে বৃহস্পতিবার (১৬ জুলাই ২০২৬) রাতে নিউটাউন থানার পুলিশ আবাসনে গিয়ে বরুণ বিশ্বাসকে আটক করে।
পুলিশ যখন তাঁকে নিয়ে বের হচ্ছিল, তখন আবাসনের বাসিন্দারা ও স্থানীয় মানুষজন ক্ষোভে ফেটে পড়েন। ‘চোর চোর’ স্লোগানের পাশাপাশি অভিযুক্তকে লক্ষ্য করে একের পর এক ডিম ছোড়া হয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পুলিশ দ্রুত হস্তক্ষেপ করে তাঁকে নিরাপদে থানায় নিয়ে যায়।
পুলিশ জানিয়েছে, পুরো ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, এর আগেও ফ্ল্যাট দখল করে রাখার অভিযোগে তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদারকে গ্রেফতারের সময়ও তাঁকে লক্ষ্য করে ডিম ছোড়ার ঘটনা ঘটেছিল। এবার একই ধরনের অভিযোগে বিজেপি নেতাকে ঘিরে ডিম নিক্ষেপের ঘটনায় রাজ্যের রাজনৈতিক মহলে নতুন বিতর্কের সূত্রপাত হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *