
পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা: উচ্চশিক্ষায় প্রযুক্তির আরও বিস্তৃত প্রয়োগ এবং অন্তর্ভুক্তিমূলক শিক্ষাব্যবস্থাকে এগিয়ে নিয়ে যেতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়। শুক্রবার (১৭ জুলাই) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হল দুটি নতুন বিভাগ— ‘পরশ’ (Enabling Unit for the Visually Impaired) এবং ‘সেন্টার ফর ডিজিটাল রিসোর্সেস অ্যান্ড সার্ভিসেস’ (CDRS)। এই দুটি বিভাগের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক দীপক কুমার কর।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গিয়েছে, ‘পরশ’ বিভাগটি বিশেষভাবে দৃষ্টিহীন ও ক্ষীণদৃষ্টিসম্পন্ন শিক্ষার্থীদের কথা মাথায় রেখে গড়ে তোলা হয়েছে। এখানে রয়েছে রিফ্রেশেবল ব্রেল ডিসপ্লে, PEARL স্ক্যানার রিডার, স্ক্রিন রিডার, স্ক্রিন ম্যাগনিফায়ার-সহ অত্যাধুনিক সহায়ক প্রযুক্তি। এর মাধ্যমে শিক্ষার্থীরা সহজেই মুদ্রিত বই ও নথিপত্রকে ডিজিটাল রূপে রূপান্তর করে শুনতে পারবেন। পাশাপাশি অনলাইন লেখাপত্র পড়া এবং বড় অক্ষরে দেখার সুবিধাও মিলবে।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের মতে, এই উদ্যোগ বিশেষ চাহিদাসম্পন্ন ছাত্রছাত্রীদের আরও স্বনির্ভর করে তুলবে এবং উচ্চশিক্ষা ও গবেষণায় তাদের অংশগ্রহণকে আরও সহজ করবে।
অন্যদিকে, সিডিআরএস (CDRS) বিভাগটি বিশ্ববিদ্যালয়ের ডিজিটাল তথ্যভান্ডারের প্রধান কেন্দ্র হিসেবে কাজ করবে। এখান থেকে শিক্ষার্থী, গবেষক ও শিক্ষকরা ই-বুক, ই-জার্নাল, আন্তর্জাতিক গবেষণা ডেটাবেস এবং বিভিন্ন ডিজিটাল শিক্ষাসামগ্রী ব্যবহার করতে পারবেন। এছাড়াও Shodhganga, ONOS, DELNET, NDLI, e-PG Pathshala, বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের Institutional Repository এবং Kindle Unlimited-সহ একাধিক গুরুত্বপূর্ণ ডিজিটাল প্ল্যাটফর্মের সুবিধাও পাওয়া যাবে।
উপাচার্য অধ্যাপক দীপক কুমার কর বলেন, “বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় অন্তর্ভুক্তিমূলক শিক্ষা ও ডিজিটাল শিক্ষার প্রসারে যে উদ্যোগ গ্রহণ করেছে, ‘পরশ’ ও ‘সিডিআরএস’ তারই গুরুত্বপূর্ণ সংযোজন। এই দুটি বিভাগ শিক্ষার্থী, গবেষক ও শিক্ষক-শিক্ষিকাদের পাঠ, গবেষণা এবং তথ্যপ্রাপ্তিকে আরও সমৃদ্ধ ও সহজলভ্য করবে।”
উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষক, আধিকারিক এবং বিপুল সংখ্যক ছাত্রছাত্রীর উপস্থিতি অনুষ্ঠানকে আরও তাৎপর্যপূর্ণ করে তোলে।












Leave a Reply