চন্দ্রকোনারোডে সিপিএমের মিছিল ঘিরে উত্তেজনা, দলীয় কার্যালয়ে ভাঙচুর-অগ্নিসংযোগের অভিযোগ।।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:-প্রকাশ্য দিবালোকে রাজনৈতিক কর্মসূচকে কেন্দ্র করে উত্তেজনা, দলীয় কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগের গুরুতর অভিযোগে উত্তপ্ত হয়ে উঠল চন্দ্রকোনা রোড। সিপিএমের মিছিলে বিজেপির হামলা ও অরাজকতার অভিযোগ তুলে সরব হয়েছেন এলাকার একাংশ গণতন্ত্রপ্রেমী মানুষ।

ঘটনার সূত্রপাত সোমবার সকালে। শতরূপ ঘোষ, সুশান্ত ঘোষ ও বিজয় পালের মতো শীর্ষ বাম নেতাদের উপস্থিতিতে চন্দ্রকোনা রোড জোনাল কার্যালয় থেকে সিপিএমের পূর্বঘোষিত মিছিল বের হতেই একদল যুবকের বিরুদ্ধে উস্কানিমূলক স্লোগান দিয়ে চড়াও হওয়ার অভিযোগ ওঠে। মুহূর্তের মধ্যে এলাকা রণক্ষেত্রের রূপ নেয়।

অভিযোগের তির এখানেই থমকে থাকেনি। স্থানীয়ন সূত্রের দাবি, পরিস্থিতি সামাল দেওয়ার মাঝে একদল দুষ্কৃতী সোজা হানা দেয় সিপিএমের জোনাল পার্টি অফিসে। সেখানে অবাধে আসবাবপত্র ভাঙচুর চালিয়ে অফিসের গুরুত্বপূর্ণ নথিপত্রে আগুন লাগিয়ে দেওয়ার মারাত্মক অভিযোগ উঠেছে। পাশাপাশি নয়াবসত পার্টি অফিসেও একই কায়দায় হামলা চালানের কথা জানিয়েছে বাম নেতৃত্ব। তাদের দাবি, রাজনৈতিকভাবে মোকাবিলা করতে না পেরে বিরোধীদের দমনে পেশিশক্তি ব্যবহার করা হচ্ছে।

যদিও যাবতীয় অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে বিজেপি নেতৃত্ব। তাদের পাল্টা দাবি, রাজনৈতিক চক্রান্ত করে সিপিএম নিজেরাই নিজেদের অফিসে আগুন লাগিয়ে বিজেপির ঘাড়ে দায় চাপানোর চেষ্টা করছে। এই ঘটনার সঙ্গে তাদের দলের কোনো কর্মী যুক্ত নন।

বর্তমানে পুরো এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এলাকায় পুলিশ বাহিনী মোতায়েন থাকলেও ঘটনাকে ঘিরে রাজনৈতিক চাপানউতোর তুঙ্গে পৌঁছেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *