
পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর শহরের কালেক্টরেট মোড়ে কৃষক ও ক্ষেতমজুর সংগঠনের সমাবেশ চলাকালীন হনুমান চালিসা বাজানোকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল। অভিযোগ, সভা চলার সময় মাইকে হনুমান চালিসা বাজাতে বাজাতে গেরুয়া ঝান্ডা নিয়ে সভাস্থলে ঢুকে পড়েন ‘সংস্কৃতি রক্ষা মঞ্চ, পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর’-এর কর্মী-সমর্থকেরা। তাঁদের মুখে শোনা যায় ‘জয় শ্রী রাম’ স্লোগান। সেই সময় সভায় বক্তব্য রাখছিলেন অল ইন্ডিয়া কিষান ক্ষেত মজদুর সংগঠনের সর্বভারতীয় সাধারণ সম্পাদক শংকর ঘোষ। মাইকে বক্তব্য চলাকালীনই হনুমান চালিসা বাজিয়ে সভাস্থলে প্রবেশকে ঘিরে দু’পক্ষের মধ্যে শুরু হয় কথা কাটাকাটি ও বচসা। ঘটনাস্থলে পুলিশ উপস্থিত থাকলেও পুলিশের সামনেই বেশ কিছুক্ষণ ধরে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি তৈরি হয়।
পরে অবশ্য কৃষক ও ক্ষেতমজুর সংগঠনের সভা শেষ করে ঘটনাস্থল থেকে চলে যান সংগঠনের সদস্যরা। এই দিন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ, এসআইআর প্রক্রিয়া সম্পূর্ণ বাতিল, ভারত-মার্কিন কৃষি বাণিজ্য চুক্তি বাতিল এবং বৈধ সকল নাগরিকের নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার দাবিতে মেদিনীপুরে কৃষক ক্ষেতমজুর সমাবেশের আয়োজন করা হয়। অল ইন্ডিয়া কিষান ক্ষেত মজদুর সংগঠনের ডাকে মেদিনীপুর স্টেশন থেকে মিছিল শুরু হয়ে শহর পরিক্রমা করে পৌঁছয় কালেক্টরেট মোড়ে। সেখানে বক্তব্য রাখেন সংগঠনের সর্বভারতীয় সাধারণ সম্পাদক শংকর ঘোষ, রাজ্য সভাপতি পঞ্চানন প্রধান, রাজ্য সহ-সভাপতি সূর্য প্রধান-সহ অন্যান্য নেতৃত্ব।
সমাবেশ চলাকালীন হনুমান চালিসা ও ‘জয় শ্রী রাম’ স্লোগান ঘিরে এই বচসার ঘটনায় মেদিনীপুর শহরে রাজনৈতিক ও সামাজিক মহলে নতুন করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।












Leave a Reply