ভারত-বাংলাদেশ সীমান্তে নজরদারি জোরদার, পাকুয়াহাটে নতুন পুলিশ আউটপোস্টের উদ্বোধন।

মালদা, নিজস্ব সংবাদদাতা :- ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় নিরাপত্তা ও নজরদারি জোরদার করার পাশাপাশি সাধারণ মানুষের কাছে পুলিশি পরিষেবা আরও সহজলভ্য করতে বামনগোলা থানার অন্তর্গত পাকুয়াহাট পুলিশ আউটপোস্টের আনুষ্ঠানিক উদ্বোধন করা হল।মঙ্গলবার সকালে বামনগোলা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে অসহায় গরীব দুঃস্থদের মধ্যে কম্বল বিতরণ। সন্ধ্যায় পাকুয়াহাট পুলিশ ফাঁড়ি ফিতে কেটে ও ফলক উন্মোচনের মাধ্যমে নতুন এই পুলিশ আউটপোস্টের উদ্বোধন করেন মালদার পুলিশ সুপার অনুপম সিং।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মকসুদ হাসান, অতিরিক্ত পুলিশ সুপার (গ্রামীণ) অর্ক ব্যানার্জি, ডিএসপি (ডিইবি) স্নেহাশিস মুখোপাধ্যায়, বামনগোলা থানার আইসি অমিত মাসান্ত সহ পুলিশের অন্যান্য আধিকারিকরা।
অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে পুলিশ সুপার জানান, রাজ্য সরকারের পক্ষ থেকে মালদা জেলায় নতুন তিনটি পুলিশ আউটপোস্ট তৈরির ঘোষণা করা হয়েছে। তার মধ্যে পাকুয়াহাট পুলিশ আউটপোস্ট অন্যতম। আন্তর্জাতিক সীমান্ত থেকে মাত্র পাঁচ কিলোমিটার দূরে অবস্থিত এই এলাকা নিরাপত্তার দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই কারণেই এখানে নতুন পুলিশ আউটপোস্ট চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *