নেশামুক্ত যুবসমাজ ও বিকশিত ভারত গড়ার বার্তা, শালবনি আইটিআই কলেজে জেলা স্তরের যুব সংসদ।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা : – নেশামুক্ত যুবসমাজ গড়ে তোলা এবং বিকশিত ভারত নির্মাণের লক্ষ্যকে সামনে রেখে পশ্চিম মেদিনীপুর জেলার শালবনি প্রাইভেট আইটিআই কলেজে অনুষ্ঠিত হলো জেলা স্তরের বিকশিত ভারত যুব সংসদ। ভারত সরকারের ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তরের অধীন মাই যুবভারত, পশ্চিম মেদিনীপুরের উদ্যোগে এবং চক কুমার অ্যাসোসিয়েশন ফর সোশ্যাল সার্ভিসের ব্যবস্থাপনায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে যুবসমাজের মধ্যে নেশার কুফল সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং দেশ গঠনে যুবকদের ভূমিকা তুলে ধরতে আয়োজন করা হয় মক পার্লামেন্টের। সেখানে নেশামুক্ত যুবসমাজ ও বিকশিত ভারত গড়ার ভাবনাকে বিল আকারে সংসদীয় আলোচনার মাধ্যমে উপস্থাপন করা হয়। পাশাপাশি ওই বিষয়ের উপর পাঁচ মিনিটের বক্তৃতা প্রতিযোগিতারও আয়োজন করা হয়।

বক্তৃতা প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীদের রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য নির্বাচিত করা হয়েছে।

এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা যুব আধিকারিক, মাই যুবভারত পশ্চিম মেদিনীপুর, শালবনি প্রাইভেট আইটিআই কলেজের অধ্যক্ষ, চক কুমার অ্যাসোসিয়েশন ফর সোশ্যাল সার্ভিসের সাধারণ সম্পাদক এবং সংগঠনের অন্যান্য সদস্যরা।

প্রায় তিন শতাধিক ছাত্রছাত্রীর উপস্থিতিতে গোটা অনুষ্ঠান প্রাণবন্ত হয়ে ওঠে। যুবসমাজকে সচেতন, দায়িত্বশীল ও দেশ গঠনের কাজে উদ্বুদ্ধ করতেই এই উদ্যোগ বলে উদ্যোক্তাদের তরফে জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *