বন দফতরের যৌথ অভিযানে হরিশ্চন্দ্রপুরে বন্ধ ছয়টি অবৈধ করাত মিল, উদ্ধার বেআইনি কাঠ।

মালদা, নিজস্ব সংবাদদাতা:—- দীর্ঘদিন ধরে বিনা অনুমতিতে চলছিল কাঠ চেরাইয়ের কারবার। অবশেষে বন দফতরের অভিযানে বন্ধ হল হরিশ্চন্দ্রপুরের ছয়টি অবৈধ করাত মিল। সোমবার চাঁচল, ভালুকা, মালদহ, কালিয়াচক ও গাজল রেঞ্জের আধিকারিকরা যৌথভাবে এই অভিযান চালান। বন দফতর সূত্রে জানা গিয়েছে, হরিশ্চন্দ্রপুরের বারদুয়ারি, ভবানীপুর, তুলসিহাটা, কাপাইচণ্ডী ও কুশিদা এলাকায় তল্লাশি চালানো হয়। সেখানে লাইসেন্স ছাড়া চলা ছয়টি করাত মিল চিহ্নিত করে সেগুলি বন্ধ করে দেওয়া হয়। মিলগুলি শিকল দিয়ে তালা লাগানোর পাশাপাশি গালা দিয়ে সিল করে দেন বন আধিকারিকরা। অভিযান চলাকালীন বেশ কিছু অবৈধ কাঠও উদ্ধার করা হয়েছে। চাঁচল রেঞ্জ অফিসার মনোজিৎ সেথ জানান, অবৈধ করাত মিলের বিরুদ্ধে বন দফতরের এই অভিযান আগামী দিনেও অব্যাহত থাকবে। তবে এই ঘটনাকে ঘিরে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে। স্থানীয়দের একাংশের দাবি, দীর্ঘদিন ধরেই প্রকাশ্যে চলছিল এই মিলগুলি। তাহলে এতদিন কেন ব্যবস্থা নেওয়া হয়নি? প্রশাসনের নজরদারির অভাব ছিল, নাকি অন্য কোনও মহলের মদত ছিল? এই অবৈধ কারবারের সঙ্গে কারা যুক্ত, তা খতিয়ে দেখার দাবি উঠেছে। শুধু মিল সিল করেই থেমে না থেকে এর পিছনে থাকা ব্যক্তিদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে কি না, এখন সেটাই দেখার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *