
মালদা, নিজস্ব সংবাদদাতা:- রাস পূর্ণিমার পুণ্য তিথিতে হরিনাম সংকীর্তনে মুখর হয়ে উঠল মালদা শহর। রাধা-কৃষ্ণের বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশ নিলেন অগণিত ভক্ত। জীবন্ত মহাপ্রভুর ট্যাবলো শোভাযাত্রার অন্যতম আকর্ষণ হয়ে ওঠে।
মালদা শহরের বিএস রোড চুড়িপট্টি এলাকার শ্রীশ্রী ব্রজ যুগল রাধাকৃষ্ণ মন্দির কর্তৃপক্ষের উদ্যোগে এই শোভাযাত্রার আয়োজন করা হয়। মঙ্গলবার সকালে মন্দির প্রাঙ্গণ থেকে শ্রীশ্রী রাধা-কৃষ্ণকে সঙ্গে নিয়ে ভক্তদের অংশগ্রহণে বের হয় বর্ণাঢ্য শোভাযাত্রা।
শোভাযাত্রায় এক কৃষ্ণভক্ত মহাপ্রভু শ্রীচৈতন্যের বেশে সজ্জিত হয়ে অংশ নেন, যা দর্শনার্থী ও ভক্তদের মধ্যে বিশেষ আকর্ষণ তৈরি করে। শোভাযাত্রা জুড়ে চলে হরিনাম সংকীর্তন। ভক্তি, আনন্দ ও ধর্মীয় আবেগে মেতে ওঠেন উপস্থিত কৃষ্ণভক্তরা।
রাস পূর্ণিমাকে ঘিরে এই ধর্মীয় শোভাযাত্রায় গোটা এলাকায় তৈরি হয় এক উৎসবমুখর ও আধ্যাত্মিক পরিবেশ।












Leave a Reply