
দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- রবিবার বিকেলে পতিরাম-এর পাগলিগঞ্জ সহ বিভিন্ন এলাকায় কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ অনুষ্ঠিত হয়। এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এই রুট মার্চ করা হয়েছে বলে প্রশাসন সূত্রে জানা গেছে। রুট মার্চে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের পাশাপাশি উপস্থিত ছিলেন ডিএসপি (হেডকোয়ার্টার) বিক্রম প্রসাদ এবং পতিরাম থানার ওসি অনন্ত মন্ডল। বাহিনীর সদস্যরা গুরুত্বপূর্ণ মোড় ও সংবেদনশীল এলাকাগুলি ঘুরে দেখেন এবং স্থানীয়দের সঙ্গে কথাও বলেন।
এদিন সকালে বটুন এলাকাতেও কেন্দ্রীয় বাহিনীর পক্ষ থেকে একইভাবে রুট মার্চ করা হয়। জনবহুল বাজার এলাকা, বাসস্ট্যান্ড সংলগ্ন অঞ্চল এবং গ্রামীণ রাস্তায় টহল দিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হয়। সাধারণ মানুষের মধ্যে যাতে কোনো ভীতি বা গুজব ছড়িয়ে না পড়ে, সে দিকেও বিশেষ নজর রাখা হয়।
উল্লেখ্য, গতকাল এসআইআর-এর চূড়ান্ত তালিকা প্রকাশিত হয়েছে। তালিকা প্রকাশের পর বহু মানুষের নাম বাদ পড়েছে বলে অভিযোগ উঠেছে। আবার অনেকের নাম ‘আন্ডার অ্যাডজুডিকেশন’ বা বিচারাধীন অবস্থায় রয়েছে। এই পরিস্থিতিতে স্বাভাবিকভাবেই কিছুটা উদ্বেগ ও অনিশ্চয়তার পরিবেশ তৈরি হয়েছে এলাকায়।
এই প্রেক্ষিতেই প্রশাসনের তরফে শান্তি ও স্থিতাবস্থা বজায় রাখতে কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ করা হয়েছে বলে জানা গেছে। প্রশাসনের পক্ষ থেকে সকলকে শান্ত থাকার এবং কোনো ধরনের গুজবে কান না দেওয়ার আবেদন জানানো হয়েছে।












Leave a Reply