
মালদা, নিজস্ব সংবাদদাতা:– কার্তিক পুজোর মেলায় মদ্যপ যুবকদের মধ্যে বিবাদ থামাতে গিয়ে এক যুবকের মারে মৃত্যু হল পুজো কমিটির সম্পাদক তথা বিজেপির মণ্ডল সহ সভাপতির। বৃহস্পতিবার রাত প্রায় ১২টা নাগাদ ঘটনাটি ঘটেছে মালদার হবিবপুর থানার ঋষিপুরের চাঁদপুর গ্রামে। ঘটনায় অভিযুক্ত এক মদ্যপ যুবককে আটক করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম চন্দন মণ্ডল (৪৫)। তিনি ঋষিপুর এলাকার বাসিন্দা। বিজেপির মণ্ডল সহ সভাপতি হওয়ার পাশাপাশি ডেকোরেটার্সের ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন তিনি। ঋষিপুরের চাঁদপুর গ্রামে ১৬ মাথার ষড়ানন কার্তিক পুজো উপলক্ষে চলছিল জমজমাট মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
অভিযোগ, বৃহস্পতিবার রাতে মেলায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেলে কয়েকজন যুবকের মধ্যে বচসা শুরু হয়। বচসা গড়ায় হাতাহাতিতে। পরিস্থিতি সামাল দিতে এবং বিবাদ থামাতে এগিয়ে যান চন্দন মণ্ডল। সেই সময় এক যুবকের মারে তিনি মাটিতে লুটিয়ে পড়েন বলে অভিযোগ।
এরপর তাঁকে উদ্ধার করে মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। চন্দন মণ্ডল হৃদরোগেও আক্রান্ত ছিলেন বলে জানা গিয়েছে। ঘটনার পর অভিযুক্ত যুবককে আটক করেছে পুলিশ। গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে।












Leave a Reply