বিজেপির মণ্ডল সহ সভাপতি চন্দন মণ্ডলের মৃত্যুতে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে অভিযোগ মন্ত্রীর।

মালদা, নিজস্ব সংবাদদাতা:— কার্তিক পুজোর অনুষ্ঠানে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা ইচ্ছাকৃতভাবে ঝামেলা পাকিয়ে বিজেপির মন্ডল সহ সভাপতিকে মারধর করে হত্যা করেছে। তাই এই ঘটনায় দোষীদের তিনি কঠোর শাস্তি চান-মালদার হবিবপুর ব্লকের ঋষিপুর অঞ্চলের দক্ষিণ চাঁদপুর এলাকায় বৃহস্পতিবার রাতে কার্তিক পুজোর অনুষ্ঠানে মারধরের জেরে বিজেপির মন্ডল সহ সভাপতি চন্দন মন্ডলের মৃত্যুর ঘটনায় শুক্রবার তার বাড়ি গিয়ে কার্যত এমনটাই অভিযোগ করলেন হবিবপুরের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী জোয়েল মুর্মু। এদিন তিনি মৃত বিজেপি কর্মীর বাড়ি গিয়ে প্রথমে শোকাহত পরিবারবর্গকে সান্তনা সমবেদনা জানান। সমবেদনা জানানোর পর তাদের সঙ্গে কথা বলে তাদের মুখ থেকে গোটা ঘটনার বিবরণ শোনেন এবং অসহায় পরিবারের পাশে থাকার আশ্বাস দেন। পরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে রাজ্যের মন্ত্রী জোয়েল মুর্মু বলেন, গত বছরও তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এখানকার কার্তিক পুজোয় গন্ডগোল করেছিল। এবছরও ইচ্ছাকৃতভাবে গন্ডগোল, ঝামেলা, পাকিয়ে বিজেপির মন্ডল সহ সভাপতি চন্দন মন্ডলকে মারধর করে। সেই মারধরের জেরে হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই চন্দন মন্ডলের মৃত্যু হয়। তাই এই ঘটনায় জড়িত দুষ্কৃতীদের তিনি কঠোর শাস্তি চান। একই সঙ্গে এলাকায় রমরমিয়ে চলা মদ, গাঁজা, ড্রাগস সহ বিভিন্ন নেশা বন্ধের জন্য কড়া পুলিশি পদক্ষেপের পক্ষে জোর সওয়াল করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *