ধর্মঘট ঘিরে উত্তেজনা, বিক্ষোভ ও হাতাহাতি মালদা জেলা শিক্ষাভবনে।

মালদা, নিজস্ব সংবাদদাতা: সংগ্রামী যৌথ মঞ্চের ডাকা ধর্মঘটকে কেন্দ্র করে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হল মালদা জেলায়। বৃহস্পতিবার মালদা জেলা প্রাথমিক শিক্ষা সংসদের দপ্তরে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখায় ধর্মঘট সমর্থকরা। ঘটনাকে কেন্দ্র করে জেলা শিক্ষাভবন চত্বর কিছুক্ষণের জন্য কার্যত রণক্ষেত্রের চেহারা নেয়।
সূত্রের খবর, সংগ্রামী যৌথ মঞ্চের কর্মীরা ধর্মঘটের সমর্থনে দপ্তরের সামনে বিক্ষোভ ও পিকেটিং শুরু করেন। এরই মধ্যে প্রতিবাদ জানাতে সেখানে উপস্থিত হয় রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন-এর সদস্যরা। দুই পক্ষের মধ্যে তর্কাতর্কি শুরু হয়ে তা দ্রুত হাতাহাতির রূপ নেয়।
সংগ্রামী যৌথ মঞ্চের অভিযোগ, তাদের ধর্মঘটের ব্যানার ছিঁড়ে ফেলে সরকারি কর্মচারীদের একটি অংশ। প্রতিবাদ জানালে তাঁদের মারধর করা হয়।
অন্যদিকে রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন-এর অভিযোগ, যারা সরকারি কর্মচারী নন, তারাই পিকেটিং করে সরকারি কর্মীদের কাজে বাধা দিচ্ছিলেন। সেই প্রতিবাদ জানাতেই যৌথ মঞ্চের সদস্যরা তাঁদের দিকে তেড়ে এসে হামলা চালান।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে থাকা পুলিশকে হিমশিম খেতে হয়। পরে পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং শিক্ষাভবন চত্বরে স্বাভাবিকতা ফেরে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *