
দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:– বিধানসভা নির্বাচনের প্রাক্কালে দক্ষিণ দিনাজপুরের কুশমন্ডিতে অনুষ্ঠিত ‘বিজয় সংকল্প সভা’ থেকে রাজ্যের জনগণের উদ্দেশে বড় বার্তা দিলেন ভারতের প্রধানমন্ত্রী Narendra Modi। শনিবার খাগড়াকুড়ির সভামঞ্চ থেকে তিনি বলেন, “বামেদের ৩৫ বছর দিয়েছেন, তৃণমূল পেয়েছে ১৫ বছর— এবার পাঁচ বছর মোদীকে দিয়ে দেখুন।”
নির্ধারিত সময়েই সভাস্থলে পৌঁছন প্রধানমন্ত্রী। তাঁকে স্বাগত জানান বালুরঘাটের সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী Sukanta Majumdar। তিনি বলেন, বিজেপির সংকল্পপত্রে উত্তরবঙ্গের উন্নয়নের স্পষ্ট রূপরেখা রয়েছে, যা আগে কোনও প্রধানমন্ত্রী ভাবেননি।
সভামঞ্চে উঠে ‘জয় মা কালী’ ও ‘জয় বাবা ভোলানাথ’ ধ্বনি দিয়ে বক্তব্য শুরু করেন মোদী। তিনি বলেন, “দক্ষিণ দিনাজপুরের পুণ্যভূমিকে প্রণাম জানাই। এত মানুষের ভিড় দেখে আমি আপ্লুত। যারা বাইরে দাঁড়িয়ে আছেন, তাঁদের কাছে ক্ষমা চাইছি।”
তৃণমূল সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়ে মোদী অভিযোগ করেন, “মা-মাটি-মানুষের নামে ক্ষমতায় এসে ১৫ বছরে কিছুই করেনি। দুর্নীতি, দাঙ্গা, খুন— এটাই এদের পরিচয়। এখানে সিন্ডিকেটই সরকার হয়ে গেছে।”
তিনি আরও বলেন, বিজেপি ক্ষমতায় এলে আইনের শাসন প্রতিষ্ঠা হবে এবং অতীতের সমস্ত অপরাধের তদন্ত করা হবে। মহিলাদের সুরক্ষা ও স্বনির্ভরতার উপর বিশেষ জোর দিয়ে তিনি জানান, ভাতা বৃদ্ধি, চাকরিতে ৩৩% সংরক্ষণসহ একাধিক পরিকল্পনা রয়েছে।
শিক্ষা ও কর্মসংস্থানের ক্ষেত্রেও তৃণমূলকে আক্রমণ করে মোদী বলেন, “রাজ্যে পড়াশোনার সুযোগ কমে গেছে, চাকরি পেতে দুর্নীতি হচ্ছে। যুবসমাজকে ভবিষ্যতের জন্য বাইরে যেতে হচ্ছে।”
ডবল ইঞ্জিন সরকারের সুবিধা তুলে ধরে তিনি আশ্বাস দেন, কেন্দ্র ও রাজ্যে একই সরকার থাকলে উন্নয়ন দ্রুত হবে। পাশাপাশি পানীয় জল, অবকাঠামো উন্নয়ন ও অনুপ্রবেশ রোধে কঠোর পদক্ষেপ নেওয়ার কথাও জানান।
সবশেষে তিনি স্লোগান তোলেন— “পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার” এবং রাজ্যের মানুষকে বিজেপিকে সুযোগ দেওয়ার আহ্বান জানান।












Leave a Reply