সবুজ ও পরিচ্ছন্ন গড়বেতার লক্ষ্যে জোর কদমে সাফাই অভিযান।

নিজস্ব সংবাদদাতা , গড়বেতা: “ক্লিন গড়বেতা, গ্রীন গড়বেতা”— এই স্লোগানকে সামনে রেখে এবার ব্যাপক পরিচ্ছন্নতা অভিযানে নামল গড়বেতা প্রশাসন। এলাকার বিধায়ক প্রদীপ লোধার দেওয়া এই স্লোগানকে বাস্তবায়িত করতে তৎপর স্থানীয় পঞ্চায়েত ও ব্লক প্রশাসন। এলাকাকে প্লাস্টিকমুক্ত করা, নিকাশি নালা সংস্কার এবং যত্রতত্র আবর্জনা ফেলা বন্ধ করতে শুরু হয়েছে জোর কদমে সাফাই অভিযান।

সম্প্রতি গড়বেতা থানার সামনে ঠিক এমনই এক তৎপরতার চিত্র ধরা পড়ল আমাদের সংবাদমাধ্যমের ক্যামেরায়। সেখানে দেখা গেল, সাফাইকর্মীরা চনমনে উদ্যোগে থানার চারপাশ এবং সংলগ্ন রাস্তাঘাট পরিষ্কার করছেন। জমিয়ে রাখা আবর্জনা দ্রুত সরিয়ে ফেলার পাশাপাশি ব্লিচিং পাউডার ছড়ানোর কাজও চলছে।

বিধায়ক প্রদীপ লোধা জানান, গড়বেতাকে সুন্দর ও স্বাস্থ্যকর করে তুলতে এই উদ্যোগ। তবে কেবল প্রশাসনের ভরসায় নয়, সাধারণ মানুষকেও সচেতন হতে হবে। এলাকার বাসিন্দারাও এই পরিবেশবান্ধব উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। সব মিলিয়ে, গড়বেতাকে গ্রীন ও ক্লিন করতে এখন পুরোদমে কোমর বেঁধে নেমেছে গোটা ব্লক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *