৮০ তম স্বাধীনতা দিবসকে সামনে রেখে পাঁশকুড়া স্টেশনে চলল তল্লাশি।

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- স্বাধীনতা দিবসকে সামনে রেখে রেল স্টেশনগুলিতে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। বৃহস্পতিবার পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া রেল স্টেশনে যৌথভাবে তল্লাশি অভিযান চালায় পাঁশকুড়া জিআরপি এবং খড়্গপুর জিআরপি হেডকোয়ার্টারের ডগ স্কোয়াড। এই অভিযানে স্টেশনের টিকিট কাউন্টার, ওভারব্রিজ, প্ল্যাটফর্ম-সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় অ্যান্টি-সাবোটাজ চেকিং করা হয়। ডগ স্কোয়াডের সাহায্যে স্টেশন চত্বরের বিভিন্ন অংশে সন্দেহজনক বস্তু বা অস্বাভাবিক গতিবিধি রয়েছে কি না, তা খতিয়ে দেখা হয়।
রেল পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ১৫ আগস্ট উপলক্ষে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতেই এই বিশেষ তল্লাশি অভিযান চালানো হচ্ছে। স্বাধীনতা দিবসের আগে রাজ্যের বিভিন্ন রেল স্টেশনের পাশাপাশি পাঁশকুড়া স্টেশনেও নিরাপত্তা ব্যবস্থা আরও কঠোর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *