আবাস যোজনায় দুর্নীতির তদন্তে সিট গঠনের ঘোষণা মুখ্যমন্ত্রীর, ঘর পাওয়ার আশায় পুরাতন মালদার বঞ্চিত পরিবার।

মালদা, নিজস্ব সংবাদদাতা :—- আবাস যোজনার দুর্নীতি নিয়ে এবার বড়সড় তদন্তের ইঙ্গিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। অযোগ্য উপভোক্তাদের কাছ থেকে আবাস যোজনার টাকা ফেরত নেওয়ার পাশাপাশি গোটা বিষয়টি খতিয়ে দেখতে সিট গঠনের ঘোষণাও করেছেন মুখ্যমন্ত্রী। আর মুখ্যমন্ত্রীর এই ঘোষণার পরই নতুন করে আশার আলো দেখছেন দীর্ঘদিন ধরে আবাস যোজনার ঘর থেকে বঞ্চিত মালদার বহু পরিবার।

বিশেষ করে পুরাতন মালদা ব্লকের তিনটি গ্রাম পঞ্চায়েত—মহিষবাথানি, মুচিয়া ও সাহাপুর। অভিযোগ, তৃণমূল সরকারের আমলে এই তিনটি গ্রাম পঞ্চায়েতের একাধিক যোগ্য উপভোক্তার নামই কেন্দ্রীয় প্রধানমন্ত্রী আবাস যোজনার পোর্টালে নথিভুক্ত হয়নি। যার জেরে কার্যত আবাস যোজনার তালিকায় এই তিনটি পঞ্চায়েতের ছবি নীল হয়ে পড়েছিল। স্থানীয় বাসিন্দাদের দাবি, ২০১১ সালের পর থেকে চার-পাঁচবার করে বাড়ির জন্য আবেদন জানিয়েও তাঁরা কোনও ঘর পাননি। এমনকি তাঁদের অভিযোগ, সঠিকভাবে সার্ভে পর্যন্ত করা হয়নি।

বর্তমানে রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর বিজেপি সরকারের আমলে নতুন করে আবাস যোজনার যোগ্য উপভোক্তাদের চিহ্নিত করতে বাড়ি বাড়ি সার্ভের কাজ শুরু হয়েছে। জেলা প্রশাসনের তরফেও বিভিন্ন ব্লক ও গ্রাম পঞ্চায়েত এলাকায় উপভোক্তাদের তালিকা তৈরির কাজ চলছে। আর তাতেই নতুন করে ঘর পাওয়ার স্বপ্ন দেখছেন পুরাতন মালদার এই তিন পঞ্চায়েত এলাকার বাসিন্দারা। শুধু ঘর পাওয়ার আশাই নয়, অতীতে কীভাবে তাঁরা বঞ্চিত হলেন, সেই ঘটনারও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন গ্রামবাসীরা।

আর এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানো তোর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *