
পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা: ঘূর্ণিঝড় ‘আকওয়ান’-এর প্রভাবে টানা বৃষ্টি ও প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত জেলার জনজীবন। তার মধ্যেই সমস্ত বাধা কাটিয়ে ময়নার ঐতিহ্যবাহী ৪৬৬ বছরের সনাতন ধর্মীয় উৎসব ও রাসমেলার প্রস্তুতি শুরু হল। প্রতিবছরের রীতি মেনে একাদশী তিথিতে রাজবাড়ির শ্যামসুন্দরজিউর নৌকাবিহারের প্রথম দিন সম্পন্ন হয়েছে।
এদিন ময়নার রাজগড়ের মন্দির থেকে শ্যামসুন্দরজিউকে নিয়ে আসা হয় রাসমঞ্চের মন্দিরে। নৌকাবিহারের এই পর্বকে ঘিরে প্রতিবছরই এলাকার ভক্ত ও দর্শনার্থীদের মধ্যে বিশেষ উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। এ বছর প্রাকৃতিক দুর্যোগের কারণে কিছুটা ব্যাঘাত ঘটলেও শেষ পর্যন্ত ঐতিহ্যবাহী এই অনুষ্ঠান সম্পন্ন হয়।
ময়নার এই প্রাচীন সনাতন ধর্মীয় উৎসব ও রাসমেলার শুভ উদ্বোধন হবে আগামী পূর্ণিমা তিথিতে। সেই উপলক্ষে ইতিমধ্যেই শুরু হয়েছে প্রস্তুতি। দীর্ঘদিনের ঐতিহ্য ও ধর্মীয় রীতিনীতি মেনে শ্যামসুন্দরজিউর নৌকাবিহারের প্রথম দিন সম্পন্ন হওয়ায় ভক্তদের মধ্যে স্বস্তি ও আনন্দের আবহ তৈরি হয়েছে।
প্রতিকূল আবহাওয়ার মধ্যেও ময়নার রাস উৎসবের ঐতিহ্য বজায় রাখার এই উদ্যোগ স্থানীয় বাসিন্দা ও ভক্তদের কাছে বিশেষ তাৎপর্য বহন করছে।












Leave a Reply