চিরায়ত চর্যাপদ : মহীতোষ গায়েন।

মেঘের মধ্য থেকে মহাজাগতিক রশ্মি উঁকি মারছে…
একালের যুবক যুবতীরা আস্তিন গুটিয়ে বসে আছে
উত্তরণের পাহাড় চূড়ায়,কখন ধুপ করে পড়ে যাবে
নক্ষত্র খসার মতন কেউ জানে না,মহাকালও নয়।

যুগে যুগে হারিয়ে গেছে সেকাল,একাল ত্রিকাল…
ইচ্ছে, অনিচ্ছার চিত্তে ভয়ঙ্কর ভাইরাস সক্রিয় …
সংক্রমণের ভয়ডর আমরা হারিয়ে ফেলেছি
তাই অবাধ বিচরণ করি হিতে,অনিষ্টে ভাবলেশহীন।

অস্থির আনন্দ, না পাওয়ার বেদনা, অবদমন ও
বঞ্চনা থেকে মানুষ অতি সক্রিয় হয় অস্থিরতায়,
আপাত সুখের সন্ধানে লিপ্ত হয় মানুষ তাই ভবিষ্যৎ
-এর নিরাপত্তাকে ও সুনিশ্চিত জীবনের প্রতি অনীহ।

আপাত উত্তরণের উষ্ণতা এনজয় করে কালে কালে
হারিয়ে গেছে কত প্রতিভা, ইতিহাস তার স্বাক্ষী আছে,
সন্ধ্যা ঘনিয়ে এলো, বাসাহীন ও বাসাযুক্ত পাখিরা ঘরে
ফিরছে,ঘরে ফেরার ক্লান্তি অথবা রেণুসুখে ভর করে।

হরিণাম সংকীর্তনের অষ্টপ্রহরের পালাগানের সুর
ভেসে আসছে বাতাসে, রামধনু রঙ ছড়িয়ে গোধূলিময়,
এই জীবন অবিনশ্বর নয়, কালের লিখন কেউ অগ্রাহ্য
করতে পারে না ,আর এক আরম্ভে শুভ হোক প্রত্যাশা।

———-

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *