
দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- বিজেপির সঙ্গে ‘গোপন আঁতাঁত’ অভিযোগ ঘিরে তৃণমূল-বিজেপির মধ্যে শুরু হয়েছে নতুন রাজনৈতিক তরজা। আমজনতা উন্নয়ন পার্টির নেতা হুমায়ুন কবীরকে ঘিরে ‘ভিডিয়ো ফাঁস’ করে তৃণমূল কংগ্রেস যে অভিযোগ তুলেছে, তা সম্পূর্ণভাবে খারিজ করলেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার।
বালুরঘাটে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, “তৃণমূলের দেখানো ভিডিও বিশ্বাসযোগ্য নয়। সেটি এআই দিয়ে তৈরি কি না, তা তদন্ত করে দেখা উচিত।”
ভিডিয়োতে হুমায়ুন কবীরের ডেপুটি সিএম পদ চাওয়ার প্রসঙ্গে সুকান্ত মজুমদার জানান, বিজেপির সঙ্গে এ ধরনের কোনও সমঝোতা বা চুক্তি হয়নি। তাঁর দাবি, “যদি ভবিষ্যতে ডেপুটি সিএম পদ তৈরি হয়, তবে সেই পদে বিজেপির বিধায়কই বসবেন, অন্য কোনও দলের নয়।”
এছাড়াও, মুসলিম ভোট কাটার জন্য হুমায়ুন কবীরকে বিজেপি ব্যবহার করছে—তৃণমূলের এই অভিযোগও নস্যাৎ করেন তিনি। পাল্টা আক্রমণে বলেন, “এই ধরনের কাজ বিজেপি করে না, এগুলো তৃণমূলেরই কৌশল।”
একইসঙ্গে তৃণমূল নেতা কুনাল ঘোষ-এর অভিযোগেরও জবাব দেন তিনি। কুনাল ঘোষ দাবি করেছিলেন, হুমায়ুন কবীর ও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী-র মধ্যে গোপন সমঝোতা রয়েছে। এর জবাবে সুকান্ত বলেন, “কুনাল ঘোষের নিজের সমঝোতা কোথায়, সেটা আগে খুঁজে বের করা উচিত।”
তিনি আরও প্রশ্ন তোলেন, ভোটের পর কুনাল ঘোষ আদৌ তৃণমূলে থাকবেন কি না, তা নিয়েও সন্দেহ প্রকাশ করেন।
সব মিলিয়ে, এই ভিডিও বিতর্ককে ঘিরে রাজ্যের রাজনৈতিক মহলে চরম উত্তেজনা তৈরি হয়েছে।












Leave a Reply