পশ্চিমবঙ্গেও পালিত হল ‘সুশাসন দিবস’, তারকেশ্বরের বল্লভীপুরে নীতীশ মডেলের প্রচার।

হুগলি, নিজস্ব সংবাদদাতা: বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা জনতা দল ইউনাইটেডের রাষ্ট্রীয় সভাপতি নীতীশ কুমারের দীর্ঘ ২০ বছরের মুখ্যমন্ত্রিত্বকালে বিভিন্ন জনকল্যাণমূলক কাজের কথা তুলে ধরে ২৪ নভেম্বর ‘সুশাসন দিবস’ পালন করল জনতা দল ইউনাইটেডের কর্মী ও নেতৃবৃন্দ। বিহারের বিভিন্ন জেলা এবং রাজধানী পাটনায় এ উপলক্ষে একাধিক কর্মসূচির আয়োজন করা হয়।

পশ্চিমবঙ্গেও জনতা দল ইউনাইটেড এবং নীতীশ ব্রিগেডের যৌথ উদ্যোগে দিনটি সুশাসন দিবস হিসেবে পালন করা হয়। পাশাপাশি নীতীশ কুমারের উন্নয়নমূলক কর্মকাণ্ড ও ‘নীতীশ মডেল’ প্রচারের উদ্যোগ নেওয়া হয়। হুগলি জেলার তারকেশ্বরের কাছে বল্লভীপুরে আয়োজিত হয় মূল অনুষ্ঠান।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জনতা দল ইউনাইটেডের নেতা অশোক দাস। বক্তব্যে তিনি নীতীশ কুমারের শাসনকালে বিহারের বিভিন্ন উন্নয়নমূলক কাজের কথা তুলে ধরেন। তাঁর দাবি, আইনের শাসন প্রতিষ্ঠা, দলতন্ত্রমুক্ত প্রশাসন, গণতন্ত্রকে শক্তিশালী করা এবং সমাজের সর্বস্তরের মানুষের জন্য সমতাভিত্তিক উন্নয়নই নীতীশ মডেলের মূল বৈশিষ্ট্য।

অশোক দাসের বক্তব্যে উঠে আসে তফসিলি জাতি, আদিবাসী, সংখ্যালঘু, ওবিসি-সহ সমাজের বিভিন্ন শ্রেণির মানুষের উন্নয়নে নীতীশ কুমারের উদ্যোগের কথা। তাঁর দাবি, জাতিভেদ ও সামাজিক বিভাজনের ঊর্ধ্বে উঠে উন্নয়নের কাজ করেছেন নীতীশ কুমার। পাশাপাশি সাধারণ শ্রেণির মানুষের উন্নয়নের লক্ষ্যে সবর্ণ আয়োগ গঠন, মহিলাদের আর্থসামাজিক উন্নয়ন, যোগাযোগ ব্যবস্থা, শিক্ষা ও শিল্পের প্রসারের বিষয়গুলিও তিনি উল্লেখ করেন।

বক্তাদের মতে, এই উন্নয়নমূলক ভাবনাই ‘নীতীশ মডেল’ হিসেবে সারা দেশে নতুন দিশা দেখিয়েছে।

অনুষ্ঠানে নীতীশ ব্রিগেডের হুগলি জেলা সভাপতি ঋষি ঘোষাল, জনতা দল ইউনাইটেডের হুগলি জেলার নেতা বিকাশ জানা-সহ দলের একাধিক নেতা ও কর্মী উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *