খড়্গপুরে গুলি-কাণ্ডে দিলীপ ঘোষের মন্তব্য, ‘মাফিয়া-গুন্ডারাজ অনেকটাই কমেছে’।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুরের ওল্ড সেটেলমেন্টে ১৬ বছরের কিশোরকে গুলি করার ঘটনায় মুখ খুললেন রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ। বৃহস্পতিবার খড়্গপুর শহরের বোগদা এলাকায় চা-চক্রে যোগ দিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি দাবি করেন, খড়্গপুরে একসময় মাফিয়া ও গুন্ডারাজ অত্যাধিক ছিল, বর্তমানে তা অনেকটাই কমেছে। তবে এখনও বিভিন্ন জায়গায় অবৈধ আগ্নেয়াস্ত্র রয়েছে এবং সেগুলি উদ্ধারে পুলিশ চেষ্টা চালাচ্ছে বলে জানান তিনি। ওল্ড সেটেলমেন্টের গুলি-কাণ্ড প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, ঘটনাটি নিজেদের মধ্যেও হয়ে থাকতে পারে। তাঁর দাবি, প্রাথমিকভাবে তিনি শুনেছেন দুর্ঘটনাবশত গুলি চলে যাওয়ার সম্ভাবনাও রয়েছে। তবে পুরো বিষয়টি পুলিশ তদন্ত করছে এবং সিসিটিভি ফুটেজ ও স্থানীয়দের সঙ্গে কথা বলে তদন্ত এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে।
উল্লেখ্য, বুধবার খড়্গপুরের ২০ নম্বর ওয়ার্ডের ওল্ড সেটেলমেন্ট এলাকায় গুলিবিদ্ধ হয় ১৬ বছরের এক কিশোর। বর্তমানে কলকাতার একটি হাসপাতালে তার চিকিৎসা চলছে। ঘটনায় বেশ কয়েকজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। এই দিন তথ্য ও সংস্কৃতি দপ্তরের উপদেষ্টা হিসেবে মিঠুন চক্রবর্তীকে দায়িত্ব দেওয়া নিয়েও মন্তব্য করেন দিলীপ ঘোষ। তিনি বলেন, মিঠুন চক্রবর্তী একজন আইকন, পশ্চিমবঙ্গের উন্নয়নে তাঁরও অবদান থাকুক—সেই লক্ষ্যেই সরকারের এই উদ্যোগ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *